শিক্ষা খাতে সংস্কারের অংশ হিসেবে ইংলিশ মিডিয়াম স্কুল ও কোচিং সেন্টারগুলোকে সরকারের নিয়ন্ত্রণে আনার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার (১৫ এপ্রিল) সকালে সিলেট নগরীর জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬ উপলক্ষে আয়োজিত কেন্দ্র সচিবদের এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য তুলে ধরেন।
শিক্ষামন্ত্রী বলেন, কোচিং সেন্টারগুলোকে শিগগিরই আইনের আওতায় আনা হবে। পাশাপাশি ইংলিশ মিডিয়াম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকেও সরকারি তদারকির মধ্যে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছেন। এর মাধ্যমে শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যা ধাপে ধাপে সমাধানের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। একইসঙ্গে শিক্ষক সংকট দূর করতে দ্রুত নিয়োগ কার্যক্রম জোরদার করা হচ্ছে।
বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে স্কুল-কলেজে সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ নেওয়ার কথাও উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।
সিলেট-ঢাকা মহাসড়ক ছয় লেনে উন্নীত করার কাজে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠান ভেঙে পড়ার প্রেক্ষাপটে জরুরি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় ৩১১টি কেন্দ্রের সচিবসহ মাধ্যমিক স্তরের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা অংশ নেন।
এ সময় শ্রম ও কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সংসদ সদস্য এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরাও বক্তব্য রাখেন।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

