রাজধানীর কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে অনলাইন ও সশরীরে ক্লাসের সমন্বয়ে ‘ব্লেনডেড লার্নিং’ পদ্ধতি চালুর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ ঘোষণা দেন। তিনি জানান, বৈশ্বিক জ্বালানি সংকট, যানজট এবং আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার বাস্তবতা বিবেচনায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে আগামী সপ্তাহ থেকে ঢাকার কিছু শিক্ষা প্রতিষ্ঠানে, যেমন ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজসহ কয়েকটি প্রতিষ্ঠানে এই পদ্ধতি চালু করা হবে বলে জানা গেছে।
নতুন ব্যবস্থায় সপ্তাহে ছয় দিন ক্লাস হবে—এর মধ্যে তিন দিন অনলাইন এবং তিন দিন সরাসরি শ্রেণিকক্ষে পাঠদান করা হবে। সিদ্ধান্ত অনুযায়ী শনিবার, সোমবার ও বুধবার সশরীরে ক্লাস অনুষ্ঠিত হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস হবে। শুক্রবার থাকবে সাপ্তাহিক ছুটি।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শিক্ষকরা প্রতিষ্ঠানেই উপস্থিত থেকে অনলাইন ও অফলাইন—উভয় মাধ্যমেই ক্লাস পরিচালনা করবেন। যেসব প্রতিষ্ঠান প্রয়োজনীয় প্রযুক্তিগত সক্ষমতা অর্জন করতে পারবে, কেবল সেখানেই এই ব্যবস্থা চালু হবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

