সারাদেশে পরিচালিত অপারেশন ডেভিল হান্ট ফেইজ–২ অভিযানে এক মাসে আইনশৃঙ্খলা বাহিনী ১৯ হাজার ৮৫৪ জনকে গ্রেপ্তার করেছে। একই সময়ে মামলা ও ওয়ারেন্টের ভিত্তিতে গ্রেপ্তারসহ মোট আটক ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ৩৬৭ জনে। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ২০তম সভা শেষে এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি জানান, গত বছরের ১৩ ডিসেম্বর শুরু হওয়া ডেভিল হান্ট ফেইজ–২ অভিযানে ১৭ জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী ১৯ হাজার ৮৫৪ জনকে আটক করা হয়। এ সময় বিভিন্ন ধরনের অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৩৪৬টি আগ্নেয়াস্ত্র, ২ হাজার ১৯১ রাউন্ড গুলি, ৭২২ রাউন্ড কার্তুজ এবং ৬৯৪টি দেশীয় অস্ত্র। এছাড়া গ্রেনেড, মর্টারের গোলা, গানপাউডার, আতশবাজি ও বোমা তৈরির উপকরণও জব্দ করা হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, অভিযান চলাকালে মামলা ও ওয়ারেন্টভিত্তিক গ্রেপ্তারও উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ পদ্ধতিতে গ্রেপ্তার করা হয়েছে ৩৩ হাজার ৫১৩ জন, যা মিলিয়ে মোট গ্রেপ্তার সংখ্যা ৫৩ হাজার ছাড়িয়েছে।
তিনি জানান, অভিযানের অংশ হিসেবে সারাদেশে চেকপোস্ট ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এতে সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের চলাচল সীমিত হয়েছে এবং অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে গতি এসেছে। জননিরাপত্তা নিশ্চিত ও সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পূর্ণ দমনে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

