পটুয়াখালীর দশমিনায় সিঁথি রানী (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ জুন) রাতে উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের বেতাগী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সিঁথি রানী ওই গ্রামের নিত্য শিকদারের মেয়ে। তিনি দশমিনা সরকারি আবদুর রশিদ তালুকদার কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় পড়াশোনা শেষে রাতের খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যান সিঁথি। গভীর রাতে তার কক্ষ থেকে শব্দ শুনে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন। পরে তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন এবং পুলিশে খবর দেন।
খবর পেয়ে দশমিনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

