AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অনিয়মের অভিযোগে ড্রেন নির্মাণকাজ বন্ধ করলেন এলাকাবাসী


Ekushey Sangbad
আব্দুল বাতেন, রাজশাহী
০৫:২৬ পিএম, ২৭ জুন, ২০২৬

অনিয়মের অভিযোগে ড্রেন নির্মাণকাজ বন্ধ করলেন এলাকাবাসী

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে বিশেষ বরাদ্দের উন্নয়ন তহবিলের আওতায় নির্মাণাধীন একটি ড্রেনের কাজ নিম্নমানের হওয়ার অভিযোগে কাজ বন্ধ করে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

শনিবার (২৭ জুন) সকাল সাড়ে ১১টার দিকে ঝিকড়ুপাড়া গ্রামের এলাকাবাসী নির্মাণকাজে অনিয়ম, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং প্রকল্পের তথ্য গোপনের অভিযোগ তুলে কাজ বন্ধ করে দেন।

স্থানীয়দের অভিযোগ, সরকারি বরাদ্দের এ প্রকল্পে ঠিকাদারের পরিবর্তে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কয়েকজন সদস্য নিজেরাই কাজ পরিচালনা করছেন। এমনকি সংশ্লিষ্ট ঠিকাদারও দাবি করেছেন, তাঁর লাইসেন্স ব্যবহার করে চেয়ারম্যান ও সদস্যরা কাজ করছেন।

ঝিকড়ুপাড়া গ্রামের বাসিন্দা সাহেরুল ইসলাম বলেন, “ড্রেন নির্মাণে প্রথম শ্রেণির ইট ব্যবহারের নিয়ম থাকলেও সেখানে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ইট ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া ঢালাইয়ের পরিবর্তে নিম্নমানের খোয়া ও সিমেন্টের মিশ্রণ দিয়ে কাজ শেষ করার চেষ্টা করা হচ্ছে।”

একই গ্রামের বাসিন্দা মিনারুল ইসলাম বলেন, “কাজের মান অত্যন্ত খারাপ হওয়ায় এলাকাবাসী একত্র হয়ে কাজ বন্ধ করে দেয়। বালু, খোয়া ও সিমেন্টের অনুপাত ঠিক রাখা হচ্ছে না। কাজ দেখেই বোঝা যাচ্ছে, এটি নিম্নমানের।”

এলাকাবাসীর অভিযোগ, প্রকল্পের ব্যয়, কাজের পরিমাণ এবং অনুমোদিত নকশা সম্পর্কে জানতে চাইলে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন পরিষদের সদস্যরা সঠিক তথ্য দিতে পারেননি। প্রকল্পটি ৮ নম্বর ওয়ার্ডে হলেও ওই ওয়ার্ডের সদস্য মইদুর রহমান মুন্টুকে কাজের স্থানে দেখা যায়নি। তিনি কাজের বিষয়ে অবগত নন বলেও স্থানীয়রা দাবি করেন। তাঁদের অভিযোগ, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের সদস্যরা কাজ তদারকি করছেন।

অভিযোগের বিষয়ে ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ফারুক হোসেন ও ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সেলিম বলেন, প্রথম শ্রেণির ইটের পরিবর্তে দ্বিতীয় শ্রেণির ইট ব্যবহার করা হচ্ছিল। তাঁদের দাবি, বর্তমানে প্রথম শ্রেণির ইট পাওয়া যাচ্ছে না। তাই বিকল্প হিসেবে অন্য ইট ব্যবহার করা হয়েছে। তবে বাকি কাজ সঠিকভাবেই করা হচ্ছে।

৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সেলিম জানান, প্রকল্পটির দৈর্ঘ্য ৩৭ দশমিক ৬ মিটার এবং বরাদ্দ তিন লাখ টাকা। তবে কাজে অনিয়মের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুবুর রহমানের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। তাঁর ভাষ্য, চেয়ারম্যান নিজেই কাজটি দেখভাল করছেন।

কাজের ঠিকাদার হিসেবে ফরিদুল ইসলাম সুমনের নাম উল্লেখ থাকলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এই কাজের বিষয়ে আমি কিছুই জানি না। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা আমার ঠিকাদারি লাইসেন্স ব্যবহার করে নিজেরাই কাজ করছেন। বিষয়টি জানার পর আমি চেয়ারম্যানকে বলে দিয়েছি, সঠিকভাবে কাজ না করলে আমার লাইসেন্সসংক্রান্ত কাগজপত্র ফেরত দিতে।”

তবে চেয়ারম্যান ও সদস্যরা ঠিকাদারের লাইসেন্স ব্যবহার করে নিজেরাই কাজ করছেন—এমন অভিযোগ অস্বীকার করেছেন ইউপি সদস্য সেলিম ও ফারুক।

রিশিকুল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুবুর রহমান টিটু বলেন, “প্রথমে কিছু দ্বিতীয় শ্রেণির ইট ব্যবহার করা হয়েছিল। পরে সেটি বন্ধ করে ভালো মানের ইট দিয়ে কাজ করা হচ্ছে।” তবে প্রকল্পটি কোন তহবিলের আওতায় বাস্তবায়িত হচ্ছে, সে বিষয়ে তিনি সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি। পরে জানাবেন বললেও আর কোনো তথ্য দেননি।

এ বিষয়ে গোদাগাড়ী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রকৌশলী সাদরুল ইসলাম বলেন, “এটি এলজিইডির প্রকল্প নয়। ইউনিয়ন পরিষদের নিজস্ব বা বিশেষ বরাদ্দের কাজ হওয়ায় এটি আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না।”

গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান বলেন, “বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কাজে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!