জাতীয়তাবাদী সাংস্কৃতিক চর্চা ও ভাবধারা সম্প্রসারণের লক্ষ্যে জিয়া সাংস্কৃতিক জোটের কুড়িগ্রাম জেলা শাখার ৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে শিক্ষাবিদ ও সাংবাদিক সহকারী অধ্যাপক অনিরুদ্ধ রেজাকে আহ্বায়ক এবং বাংলাদেশ বেতারের সঙ্গীতশিল্পী ও সংগঠক আজাদ আলীকে সদস্যসচিব করা হয়েছে।
জিয়া সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী, নির্বাহী সভাপতি এস এম বিপাশ আনোয়ার এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলী আশরাফ আখন্দের স্বাক্ষরিত ২২ জুনের এক পত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও নাট্যব্যক্তিত্ব মো. তাইজুল ইসলাম (যুগ্ম আহ্বায়ক), বাংলাদেশ বেতারের সঙ্গীতশিল্পী মো. গুলজার হোসেন (নির্বাহী সদস্য), শিক্ষাবিদ অধ্যক্ষ খন্দকার মো. ফকরুল ইসলাম (নির্বাহী সদস্য), বাংলাদেশ টেলিভিশন ও বেতারের সঙ্গীতশিল্পী মো. গোলাম মোস্তফা বাবলু (নির্বাহী সদস্য) এবং নাট্য ও নৃত্যশিল্পী মোছা. আইরিন আক্তার (নির্বাহী সদস্য)।
কমিটি গঠনের পর ২৩ জুন রাতে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে এক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা আহ্বায়ক অনিরুদ্ধ রেজা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সমাজের সব স্তরের মানুষের মধ্যে জাতীয়তাবাদী সাংস্কৃতিক চেতনা ও ভাবধারা ছড়িয়ে দিতে সংগঠনকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
সভায় উপস্থিত সদস্যরা সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং জেলার সাংস্কৃতিক অঙ্গনে জিয়া সাংস্কৃতিক জোটের কার্যক্রম জোরদারে বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

