জয়পুরহাটের কালাই উপজেলায় গবাদিপশুর চিকিৎসায় ব্যবহৃত অনুমোদনহীন ভারতীয় ওষুধ ও বিধি-বহির্ভূতভাবে কৃত্রিম প্রজনন সামগ্রী সংরক্ষণ ও বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২২ জুন) বিকেলে উপজেলার মাত্রাই বাজারে পরিচালিত এ অভিযানে অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়ার পর তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড প্রদান করা হয়।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, সম্প্রতি বাজারে অনুমোদনহীন পশু ওষুধ বিক্রি এবং কৃত্রিম প্রজনন কার্যক্রমে নিয়ম লঙ্ঘনের বিষয়ে অভিযোগ ওঠে। এর প্রেক্ষিতে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের সমন্বয়ে মাত্রাই বাজারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন পশু ওষুধের দোকান ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কার্যক্রম পরিদর্শন করা হয়।
অভিযানকালে `মনিরা ট্রেডার্স` নামের একটি প্রতিষ্ঠানে ভারত থেকে অবৈধভাবে আনা এবং বাংলাদেশে অনুমোদনহীন পশুর ভ্যাকসিন ও ওষুধ বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক মতিউর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।প্রশাসনের কর্মকর্তারা জানান, অনুমোদনহীন ওষুধ ব্যবহারের ফলে গবাদিপশুর স্বাস্থ্যঝুঁকি তৈরি হওয়ার পাশাপাশি খামারিরাও আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন।
একই অভিযানে আমেরিকান ডেইরি লিমিটেড (এডিএল)-এর অনুমোদিত কৃত্রিম প্রজনন কর্মী আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে বিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায়। তদন্তে দেখা যায়, তিনি এডিএল-এর অনুমোদিত প্রজনন সামগ্রীর পাশাপাশি অন্য একটি প্রতিষ্ঠানের (লালতীর) প্রজনন সামগ্রী একসঙ্গে সংরক্ষণ ও বিক্রি করছিলেন, যা সংশ্লিষ্ট নীতিমালার পরিপন্থী। এ অপরাধে তাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম আরা। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামান বলেন, গবাদিপশুর চিকিৎসা ও প্রজনন ব্যবস্থায় অনুমোদিত ও মানসম্মত ওষুধ ও উপকরণ ব্যবহার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুমোদনহীন ওষুধ কিংবা নিয়মবহির্ভূত প্রজনন সামগ্রী ব্যবহারের ফলে পশুর স্বাস্থ্য ও উৎপাদনশীলতা ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই এসব অনিয়ম প্রতিরোধে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরা বলেন, জনস্বাস্থ্য ও প্রাণিসম্পদ খাতের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সবসময় তৎপর রয়েছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আইন অমান্য করে অনুমোদনহীন ওষুধ বা সামগ্রী বিক্রি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

