মুন্সিগঞ্জের পদ্মা সেতু (উত্তর) থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ ৪ হাজার টাকা মূল্যের ৭৬ বোতল ফেনসিডিলসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
র্যাব সূত্র জানায়, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে র্যাব-১০-এর সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পদ্মা সেতু (উত্তর) থানার খানবাড়ি-মেদিনীমণ্ডল এলাকায় অভিযান চালায়। এ সময় আনুমানিক ৩ লাখ ৪ হাজার টাকা মূল্যের ৭৬ বোতল ফেনসিডিলসহ নাজমা (৬০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নাজমা চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার জয়নগর এলাকার মৃত শওকত আলীর মেয়ে। অভিযানকালে তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ১ হাজার ৭০০ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, নাজমা একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি দেশের বিভিন্ন এলাকা থেকে ফেনসিডিলসহ অন্যান্য মাদক সংগ্রহ করে মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
উদ্ধারকৃত মাদকসহ গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য তাকে পদ্মা সেতু (উত্তর) থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১০।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

