গাজীপুরের শ্রীপুর উপজেলা ও পৌরসভা এলাকায় প্রায় ১৭ কোটি ১০ লাখ ৭৬ হাজার ৭০৮ টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্পের কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দিনব্যাপী গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু এসব উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
শ্রীপুর পৌরসভার প্রধান প্রকৌশলী শাহেদ আক্তার জানান, পৌরসভা এলাকায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-এর আওতায় শ্রীপুর চৌরাস্তা থেকে বরমী অভিমুখী ১২০ মিটার সড়ক আরসিসি ঢালাইয়ের মাধ্যমে উন্নয়ন করা হবে। মেসার্স আরিয়ান অ্যান্ড আয়ান এন্টারপ্রাইজের অধীনে ৭০ লাখ টাকায় এ কাজ সম্পন্ন করা হবে। এছাড়া শ্রীপুর-মাওনা ডিবি সড়ক থেকে কলিমুদ্দিন চেয়ারম্যান বাড়ি (আনসার রোড) অভিমুখী ১২০ মিটার সড়ক আরসিসি ঢালাইয়ের মাধ্যমে উন্নয়ন করা হবে, যার ব্যয় ধরা হয়েছে ৩১ লাখ টাকা। কাজটি বাস্তবায়ন করবে মেসার্স এ. এম. আর. এন্টারপ্রাইজ।
শ্রীপুর উপজেলা প্রকৌশলী তৌহিদ আহমেদ জানান, উপজেলায় চারটি প্রকল্পের মাধ্যমে ছয়টি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। পল্লী উন্নয়ন ও কালভার্ট মেরামত কর্মসূচির আওতায় শিমলাপাড়া-জয়নাতলী-বড়বাইদ সড়ক ইউনিব্লক দিয়ে উন্নয়ন করা হবে। সড়কটির দৈর্ঘ্য ৩ হাজার ৫৮৫ মিটার ও প্রস্থ ৩ মিটার। মেসার্স শাহ এন্টারপ্রাইজের অধীনে প্রায় ২ কোটি ৩৭ লাখ ৪৩ হাজার ১৩৪ টাকা ব্যয়ে আগামী মে মাসের মধ্যে কাজ শেষ করার সময় নির্ধারণ করা হয়েছে।
গাজীপুর জেলা পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প (জিডিআরআইডিপি)-এর আওতায় গোসিংগা ইউপিসি বাউনী বাজার-ইজ্জতপুর বাজার সড়ক প্রশস্তকরণ ও পুনর্বাসন করা হবে। সড়কটির দৈর্ঘ্য ৫৫০ মিটার ও প্রস্থ ৫.৫ মিটার। আমজাদ ট্রেডার্সের অধীনে প্রায় ৩ কোটি ৪০ লাখ ৯৩ হাজার টাকা ব্যয়ে আগামী ২৫ মার্চের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
একই প্রকল্পের আওতায় ধনুয়া-মাওনা বাজার সড়ক মেরামত ও প্রশস্তকরণ করা হবে। সড়কটির দৈর্ঘ্য ১ হাজার ৫৫০ মিটার ও প্রস্থ ৫ মিটার। ডন এন্টারপ্রাইজের অধীনে প্রায় ৩ কোটি ৪০ লাখ ৯৩ হাজার টাকা ব্যয়ে আগামী বছরের জানুয়ারির মধ্যে কাজ শেষ করার কথা রয়েছে।
এছাড়া ঘূর্ণিঝড় আম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পুনর্বাসন প্রকল্পের আওতায় রাজবাড়ী ইউপিসি (আরএইচডি নালিয়ারটিকি) থেকে ফাইগান কলিঘাট বাজার সড়ক মেরামত করা হবে। সড়কটির দৈর্ঘ্য ৪ হাজার ১৩০ মিটার ও প্রস্থ ৪.২০ মিটার। প্রায় ২ কোটি ৮৯ লাখ ৯০ হাজার ৯৬৫ টাকা ব্যয়ে আগামী বছরের জানুয়ারির মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা রয়েছে।
এ ছাড়া পল্লী সড়ক ও কালভার্ট মেরামত কর্মসূচির আওতায় মাওনা জিসি-গাজীপুর বাজার জিসি সড়ক মেরামত করা হবে। সড়কটির দৈর্ঘ্য ১ হাজার ৮১১ মিটার ও প্রস্থ ৫ মিটার। প্রায় ১ কোটি ৯১ লাখ ৭৮ হাজার ৬৯৭ টাকা ব্যয়ে আগামী মে মাসের মধ্যে কাজ শেষ করার কথা রয়েছে। একই প্রকল্পের আওতায় মাওনা চৌরাস্তা-উজিলাব সড়ক মেরামত করা হবে, যার দৈর্ঘ্য ২ হাজার ১০৫ মিটার ও প্রস্থ ৩ মিটার। মেসার্স এস. এম. এন্টারপ্রাইজ প্রায় ২ কোটি ৮ লাখ ৭৭ হাজার ৯১২ টাকা ব্যয়ে কাজটি বাস্তবায়ন করবে।
সড়ক মেরামত ও নতুন নির্মাণকাজ শুরু হওয়ায় উপজেলা ও পৌরসভার নাগরিকেরা সন্তোষ প্রকাশ করেছেন। শ্রীপুর পৌর সচেতন নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক খোরশেদ আলম বলেন, দীর্ঘদিনের ভোগান্তি দূর করে এই উদ্যোগ নাগরিকদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করবে।
স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, উপজেলা ও পৌরসভা এলাকায় ৮টি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ১৭ কোটি ১০ লাখ টাকার কাজ শুরু হয়েছে। ধাপে ধাপে আরও উন্নয়ন কার্যক্রম নেওয়া হবে। এসব সড়ক নির্মিত হলে উপজেলার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমে যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদ, উপজেলা প্রকৌশলী তৌহিদ আহমেদ, পৌরসভার প্রধান প্রকৌশলী শাহেদ আক্তার, শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সাবেক সভাপতি শাহজাহান ফকির, পৌর বিএনপির সদস্যসচিব বিল্লাল হোসেন বেপারীসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

