ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি রায়হান জামিল ব্যতিক্রমী এক আয়োজনে নিজের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। রোববার বিকেল ৫ টায় সদরপুর উপজেলার আকোটেরচর বাজারে তিনি স্থানীয় মানুষের দুঃখ-দুর্দশা ও বাস্তব জীবনের প্রতীক হিসেবে বাঁশের সাঁকোর নিচে দাঁড়িয়ে এই ইশতেহার উপস্থাপন করেন।
রায়হান জামিল বলেন, “রাজনীতি হবে সাধারণ মানুষের অধিকার আদায় ও জীবনমান উন্নয়নের মাধ্যম, ক্ষমতার অপব্যবহারের হাতিয়ার নয়।”
ইশতেহারে তার উল্লেখযোগ্য প্রতিশ্রুতি হলো:
প্রতি মাসে প্রাপ্ত সরকারি বেতন দরিদ্র ও দুঃখী মানুষের মাঝে বিতরণ।
সরকারি বরাদ্দের পূর্ণাঙ্গ হিসাব নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ।
এমপির সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য হটলাইন চালু।
বেকার যুবকদের জন্য ফ্রি কম্পিউটার ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ।
ইমাম ও মুয়াজ্জিনদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ ও ভাতা প্রদান।
নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য স্থায়ী আবাসন।
আধুনিক পার্ক ও স্টেডিয়াম নির্মাণ, রাস্তা, ব্রিজ, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন।
হিজড়া ও বেদে সম্প্রদায়ের জন্য বাসস্থান ও কর্মসংস্থান নিশ্চিত করা।
গোপালপুর-মৈনুট নৌরুটে ফেরি চালু করা।
প্রবাসীদের জন্য কারিগরি প্রশিক্ষণ ও নিরাপদ আয় সৃষ্টি।
দরিদ্র গর্ভবতী মায়েদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সেবা।
কৃষকদের জন্য বিনা সুদে ঋণ ও আধুনিক কৃষি প্রশিক্ষণ।
চাঁদাবাজি, দুর্নীতি, মামলাবাজি ও সন্ত্রাস দমনে কঠোর ব্যবস্থা গ্রহণ।
স্থানীয়রা এই ব্যতিক্রমী ইশতেহারকে স্বাগত জানিয়েছে এবং মনে করছে, এটি শুধু নির্বাচনী প্রতিশ্রুতি নয়, বরং সাধারণ মানুষের পাশে থাকার একটি স্পষ্ট ও সাহসী বার্তা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

