মানিকগঞ্জের সিংগাইর থানার আওতাধীন দীর্ঘদিন বন্ধ থাকা ধল্লা পুলিশ ক্যাম্প ১৬ মাস পর পুনরায় চালু হওয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।
বুধবার (৭ জানুয়ারি) বিকেল ৫ টার দিকে সিংগাইর থানার উদ্যোগে থানার প্রবেশমুখে ধল্লা পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মাসুম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পুলিশ সদস্যের স্বল্পতার কারণে এতদিন ক্যাম্পটি চালু করা সম্ভব হয়নি। ঢাকার অদূরে থানার প্রবেশমুখে অবস্থিত এ ক্যাম্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি চালু হওয়ায় এলাকার সকল ধরনের অপরাধ দমন হবে এবং সাধারণ মানুষ এর সুফল পাবে।” তিনি আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয়দের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) মোহাম্মদ ফাহিম আসজাদ এবং ইন্সপেক্টর (তদন্ত) স্বপন কুমার সরকার।
এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ, ধল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তাহের মোল্লা, উপজেলা সাবেক কৃষকদলের সদস্য সচিব আল হাসান মিয়া, জামির্ত্তা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, ধল্লা ইউনিয়ন বিএনপির সাবেক অর্থবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিংগাইর থানার সেকেন্ড অফিসার পুলিশ উপ-পরিদর্শক মো. নাজমুল হাসান, পুলিশ উপ-পরিদর্শক মো. রেজাউল করিম ওয়ান, খন্দকার আমিনুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ধল্লা পুলিশ ক্যাম্পটি দুর্বৃত্তদের দ্বারা অগ্নিসংযোগের শিকার হয়। এর পর থেকে দীর্ঘ ১৬ মাস ক্যাম্পটি বন্ধ ছিল।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

