ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে কিশোরগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ৫৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী রয়েছেন ৪৭ জন এবং স্বতন্ত্র প্রার্থী ১১ জন।
সোমবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে জেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও বিভিন্ন উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দলীয় মনোনয়নপ্রাপ্ত ও স্বতন্ত্র প্রার্থীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে।
নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ীঃ
কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনে বিএনপি,বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিসসহ মোট ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে বিএনপির তিনজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও গণঅধিকার পরিষদের প্রার্থীসহ মোট ৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ আসনে বিএনপির একজনসহ দুইজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও জাতীয় পার্টিসহ মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখানে বিএনপির একজনসহ দুইজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
কিশোরগঞ্জ-৪ (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীসহ মোট ৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ আসনে বিএনপির একজনসহ চারজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
কিশোরগঞ্জ-৫ (নিকলী–বাজিতপুর) আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও মুসলিম লীগের প্রার্থীসহ মোট ৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখানে বিএনপির একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
কিশোরগঞ্জ-৬ (ভৈরব–কুলিয়ারচর) আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি (২ জন), জাতীয় পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন ও এনপিপির প্রার্থীসহ মোট ১০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এদিকে মনোনয়নপত্র জমা শেষে প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রস্তুতি ও প্রচার-প্রচারণা নিয়ে বাড়তি তৎপরতা দেখা গেছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

