আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বিএনপি, জামায়াত ইসলামিসহ মোট পাঁচজন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র গ্রহণ কার্যক্রম শুরু হয়, যা বিকেল পর্যন্ত চলে।
মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন— বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ভিপি আয়নুল হক, জামায়াত ইসলামি মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর শায়েখ ড. মো. আব্দুস সামাদ, খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহা. আব্দুর রউফ সরকার, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী গাজী মো. আয়নুল হক এবং স্বতন্ত্র প্রার্থী মো. ইলিয়াস রেজা রবিন।
প্রার্থীরা নিজ নিজ দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন। এ সময় কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা ব্যবস্থা গ্রহণ করা হয়।
মনোনয়নপত্র দাখিল কার্যক্রম পরিদর্শন ও তদারকিতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মায়িশা মালিহা অদ্রি, উপজেলা নির্বাচন কর্মকর্তা সুদীপ কুমার রায়সহ নির্বাচন কার্যালয়ের অন্যান্য কর্মকর্তারা। তাঁরা পুরো প্রক্রিয়া সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী ৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এরপর নির্ধারিত সময়ে মনোনয়ন প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

