আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে কুড়িগ্রাম–১ (ভূরুঙ্গামারী–নাগেশ্বরী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী সহকারী অধ্যাপক আনোয়ারুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহাদাৎ হোসেনের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। তিনি দলীয় প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের ভূরুঙ্গামারী উপজেলা আমির আলহাজ আনোয়ার হোসেন, নাগেশ্বরী উপজেলা আমির আব্দুল মান্নান মিয়া, কচাকাটা থানা আমির মাওলানা এনামুল হক, উপজেলা সেক্রেটারি আনোয়ার হোসেন, সহকারী সেক্রেটারি মিজানুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি তাইফুর রহমান মানিক, যুব বিভাগের উপজেলা সভাপতি আবু হেনা মাসুম, ছাত্রশিবিরের উপজেলা সভাপতি আরিফুল ইসলামসহ উপজেলা পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী।
এর আগে দুপুর ২টায় নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছেও তিনি মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর জামায়াত মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম বলেন, আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে এবং জনগণের সমর্থন নিয়ে আমি মনোনয়নপত্র জমা দিয়েছি। দীর্ঘদিনের দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যের অবসান ঘটিয়ে সৎ, যোগ্য ও নীতিনিষ্ঠ নেতৃত্ব প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। ইনসাফভিত্তিক সমাজ ও কল্যাণরাষ্ট্র গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের অধিকার ও মর্যাদা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ।
তিনি আরও বলেন, জনগণের প্রত্যক্ষ সমর্থনের মাধ্যমেই ন্যায় ও সততার রাজনীতি বিজয়ী হবে। কুড়িগ্রাম–১ আসনের সর্বস্তরের জনগণকে সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে ইনসাফভিত্তিক রাজনীতির পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় তিনি সবার কাছে দোয়া কামনা করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

