আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদ আশিক কবিরের কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মনোনয়ন দাখিল শেষে সেলিমুজ্জামান সেলিম সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন পর দেশের মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার অপেক্ষায় রয়েছে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া এবং গণতন্ত্র পুনরুদ্ধারই বিএনপির মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, মুকসুদপুর- কাশিয়ানীর মানুষের সঙ্গে তার দীর্ঘ দিনের আস্থা ও সম্পর্ক রয়েছে। সেই আস্থার প্রতিফলন ভোটের মাধ্যমে দেখা যাবে বলেই তিনি আশাবাদী। ইনশাআল্লাহ এবারও বিপুল ভোটে বিজয়ী হবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।
গোপালগঞ্জ-১ আসনের সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যখাতসহ নাগরিক সুবিধা বাড়াতে অতীতের মতো ভবিষ্যতেও কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
স্থানীয় বিএনপি নেতারা বলেন, সেলিমুজ্জামান সেলিম কাশিয়ানী - মুকসুদপুরের মানুষের সুখ-দুঃখের পরীক্ষিত নেতা। তার নেতৃত্বেই গোপালগঞ্জ-১ আসনে বিএনপি এবার শক্ত অবস্থানে রয়েছে। জনগণের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন হলে সেলিমুজ্জামান সেলিমের বিজয় নিশ্চিত।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

