জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পালপাড়ায় চেতনানাশক ছিটিয়ে এক জুয়েলার্স ব্যবসায়ীর বাসায় চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৪ জুন) দিবাগত রাত আড়াইটা থেকে তিনটার মধ্যে সুব্রত কর্মকারের বাসায় এ চুরির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা বাসার প্রধান ফটকের তালা ভেঙে ও ঘরের দরজা কেটে ভেতরে প্রবেশ করে।
চোরেরা সুব্রত কর্মকারের ঘরের আলমারি ভেঙে প্রায় ৪ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৭ হাজার টাকা, সঞ্চয়পত্র, চেকবই এবং কিছু দামি কাপড় নিয়ে যায়। ভুক্তভোগী দাবি করেন, চুরি যাওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৭ লক্ষ টাকা। ঘটনার সময় চোরদের বাধা দিতে গিয়ে সুব্রত কর্মকার ও তার মা কল্পনা কর্মকার আহত হন। চোরদের একজনকে ধরতে গেলে তারা ধারালো অস্ত্র দিয়ে মা-ছেলেকে আঘাত করে পালিয়ে যায়।
সুব্রত কর্মকার জানান, রাত ১২টার পর তিনি তার স্ত্রী, মা ও সন্তানসহ ঘুমিয়ে পড়েন। রাত আড়াইটার দিকে তার মা ঘরের মধ্যে শব্দ টের পেয়ে উঠে চোরের কোমর ধরে ফেলেন এবং চিৎকার দেন। তখন তিনি নিজ রুম থেকে এসে চোরের সঙ্গে ধস্তাধস্তি করেন। এসময় চোর তার ও তার মায়ের শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। তিনি বলেন, তার মা শ্বাসকষ্টের রোগী হওয়ায় রাতে ভালোভাবে ঘুমান না, এজন্য তিনি চুরির বিষয়টি প্রথম বুঝতে পারেন।
চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগী সুব্রত কর্মকার বালিজুড়ী বাজারের `মেসার্স সুব্রত জুয়েলার্স`-এর স্বত্বাধিকারী। তিনি আরও জানান, এর আগেও একই কায়দায় তার বাড়িতে চুরির চেষ্টা করেছিল চক্রটি।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসান আল মামুন বলেন, এ বিষয়ে এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
একুশে সংবাদ/ জা.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

