৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৩৮৫ জন প্রার্থী। উত্তীর্ণরা সবাই লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে এ ফল প্রকাশ করা হয়।
প্রার্থীরা পিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd) থেকে ফল জানতে পারবেন।
এছাড়া মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস করেও ফল জানা যাবে। সেক্ষেত্রে PSC50 Registration Number লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে রেজিস্ট্রেশন নম্বরসহ Qualified অথবা Not Qualified ফলাফল জানানো হবে।
পিএসসি জানিয়েছে, আগামী ৯ এপ্রিল থেকে ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হতে পারে। পরীক্ষার সুনির্দিষ্ট সময়সূচি পরবর্তীতে কমিশনের ওয়েবসাইট ও বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে— সাময়িকভাবে উত্তীর্ণ কোনো প্রার্থীর নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা না থাকলে, প্রয়োজনীয় সনদ বা ডকুমেন্টস উপস্থাপন করতে ব্যর্থ হলে, প্রতারণা, ভুল বা মিথ্যা তথ্য প্রদান, তথ্য গোপন, জাল সার্টিফিকেট উপস্থাপন কিংবা বয়স ও শিক্ষাগত যোগ্যতার সনদে কোনো ধরনের টেম্পারিং প্রমাণিত হলে— যে কোনো পর্যায়ে তার প্রার্থিতা বাতিল করা হবে।
গত ৩০ জানুয়ারি ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে মোট ১৯০টি কেন্দ্রে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে আবেদন করেন ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন প্রার্থী।
৫০তম বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জন নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদ রয়েছে।
সবচেয়ে বেশি ৬৫০ জন নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এছাড়া প্রশাসন ক্যাডারে ২০০ জন এবং পুলিশ ক্যাডারে ১১৭ জন নিয়োগ দেওয়া হবে। নন-ক্যাডার পদ রয়েছে ৩৯৫টি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

