ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি থাকা বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে তারা পাল্টা হামলা চালিয়েছে।
শনিবার (২৭ জুন) আল জাজিরা ও দ্য টাইমস অব ইসরায়েল আইআরজিসির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। একই দাবি সম্প্রচার করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।
আইআরজিসির প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি ভবিষ্যতেও একই ধরনের সামরিক পদক্ষেপ নেয়, তাহলে ইরানের প্রতিক্রিয়া আরও বিস্তৃত ও কঠোর হবে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের টেলিগ্রাম বার্তায় এই অভিযানের কথা যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার সরাসরি জবাব হিসেবে উল্লেখ করা হয়েছে।
তবে এ ঘটনার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। এছাড়া হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। আইআরজিসিও হামলার লক্ষ্যবস্তুর বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।
এদিকে নতুন করে উত্তেজনা বাড়ায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন শিপিং কোম্পানি অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কয়েকটি দেশের বাণিজ্যিক জাহাজ ইতোমধ্যে বিকল্প নৌপথ ব্যবহার শুরু করেছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

