দেশের ২০টি জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, যেখানে পারদ নেমেছে ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে। পাশাপাশি নদী অববাহিকাসংলগ্ন এলাকায় ঘন কুয়াশা পড়ার সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি।
শুক্রবার (৯ জানুয়ারি) সকালে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, চলমান শৈত্যপ্রবাহ অন্তত আরও দুই দিন থাকতে পারে। পূর্বাভাস অনুযায়ী, জানুয়ারি মাসের মধ্যভাগ পর্যন্ত শীতের এই দাপট অব্যাহত থাকতে পারে, যদিও এর বিস্তার ও তীব্রতায় সময়ভেদে পরিবর্তন আসতে পারে।
আবহাওয়া অধিদফতরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, আজ রংপুর ও রাজশাহী বিভাগের সব জেলাতেই শৈত্যপ্রবাহ বিরাজ করছে। এ ছাড়া নরসিংদী, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া—এই চার জেলাতেও শীতের প্রকোপ রয়েছে।
রংপুর ও রাজশাহী বিভাগের মোট জেলা সংখ্যা ১৬ হওয়ায় সব মিলিয়ে বর্তমানে ২০টি জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। গতকাল দেশের ২৪টি জেলায় শৈত্যপ্রবাহ ছিল। ওই দিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, যা ছিল ৭ ডিগ্রি সেলসিয়াস। তার আগের দিন নওগাঁর বদলগাছীতে ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়, যা চলতি শীত মৌসুমে দেশের সর্বনিম্ন ছিল।
আবহাওয়ার সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে জানানো হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই অঞ্চলে অবস্থান করছে। এটি আরও উত্তর-পশ্চিম দিকে সরে আগামী ১০ জানুয়ারির দিকে উত্তর শ্রীলঙ্কা উপকূল অতিক্রম করতে পারে। নিম্নচাপটির একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে।
আবহাওয়া অধিদফতরের সংজ্ঞা অনুযায়ী, কোনো অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নামলে তা মাঝারি শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। আর ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হলে সেটিকে তীব্র শৈত্যপ্রবাহ এবং ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে অতি তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচনা করা হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

