জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা ২০২৬-এ চ্যাম্পিয়ন হয়েছে দর্শন বিভাগ। রানার্সআপ হয়েছে অর্থনীতি বিভাগ।
রোববার (৩ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় টানটান উত্তেজনার মধ্য দিয়ে দর্শন বিভাগ ৪ রানে অর্থনীতি বিভাগকে পরাজিত করে শিরোপা জিতে নেয়।
খেলা শুরু হয় সকাল সাড়ে নয়টায়। প্রথমে টসে জিতে অর্থনীতি বিভাগ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় এবং দর্শন বিভাগকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়। নির্ধারিত ২০ ওভারে দর্শন বিভাগ ১০ উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করে। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে অর্থনীতি বিভাগ ১৯.৪ ওভারে ১১৯ রানে অলআউট হয়ে যায়।
ম্যাচে ২টি উইকেট ও ২টি মূল্যবান ক্যাচ নিয়ে ফাইনালের সেরা খেলোয়াড় (ম্যান অব দ্য ফাইনাল) হয়েছেন সাহানুর রহমান সাঞ্জু। এছাড়াও টুর্নামেন্টের ভ্যালুয়েবল প্লেয়ার নির্বাচিত হয়েছেন কাইফ (ভূগোল ও পরিবেশ-৫২)। ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন হুমায়ূন কবির জয় (সরকার ও রাজনীতি-৪৮)।
ফাইনাল শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান। প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. সোহেল রানা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. শামছুল আলম, দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মুনির হোসেন তালুকদার, অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম, জাকসু ভিপি আব্দুর রশিদ জিতুসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

