AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সময় পরিবর্তন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:০৪ পিএম, ৪ জানুয়ারি, ২০২৬

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সময় পরিবর্তন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর লিখিত পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আগে ৯ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) সকালে পরীক্ষা নেওয়ার কথা থাকলেও সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী এখন তা বিকেলে অনুষ্ঠিত হবে।

রোববার (৪ জানুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে এই সময় পরিবর্তনের তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৯ জানুয়ারি সকাল ১০টার পরিবর্তে বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পার্বত্য তিন জেলা বাদে দেশের অন্যান্য সব জেলায় একযোগে এ পরীক্ষা নেওয়া হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত রাষ্ট্রীয় শোকের কারণে পূর্বনির্ধারিত ২ জানুয়ারির পরীক্ষা পিছিয়ে ৯ জানুয়ারি নির্ধারণ করা হয়েছিল। পরবর্তীতে পরীক্ষার্থীদের সুবিধা এবং প্রশাসনিক সমন্বয়ের কথা বিবেচনা করে পরীক্ষাটি সকালে না রেখে বিকেলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান।

এবারের নিয়োগ পরীক্ষায় শূন্য পদের তুলনায় আবেদনকারীর সংখ্যা বিপুল। দুই ধাপে মোট ১৪ হাজার ৩৮৫টি পদের বিপরীতে আবেদন করেছেন ১০ লাখ ৮০ হাজার ৮০ জন প্রার্থী। সে হিসেবে প্রতিটি পদের জন্য গড়ে প্রায় ৭৫ জন প্রতিযোগী লড়াই করবেন।

ডিপিই জানিয়েছে, পরীক্ষার সময় পরিবর্তন হলেও আগে থেকে নির্ধারিত নিরাপত্তা ব্যবস্থা ও পরীক্ষাসংক্রান্ত নির্দেশনা বহাল থাকবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!