রাজধানী ঢাকায় আবারও বায়ুদূষণ উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে। সোমবার (৩০ মার্চ) সকালেই নগরবাসীকে অস্বাস্থ্যকর বায়ুর মধ্যে দিন শুরু করতে হয়েছে।
আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, সকাল ৯টা ১৫ মিনিটে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (এএকিউআই) স্কোর ছিল ১৫৬, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। এ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ঢাকা।
তালিকায় শীর্ষে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই, যেখানে বায়ুমানের স্কোর ২৫৭। দ্বিতীয় স্থানে ভারতের দিল্লি (১৯৮), তৃতীয় স্থানে মিয়ানমারের ইয়াঙ্গুন (১৭৯) এবং চতুর্থ স্থানে ভিয়েতনামের হ্যানয় (১৫৭) অবস্থান করছে।
বিশেষজ্ঞদের মতে, এএকিউআই স্কোর ১৫১ থেকে ২০০-এর মধ্যে থাকলে তা ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। এতে সাধারণ মানুষের পাশাপাশি সংবেদনশীল গোষ্ঠীর স্বাস্থ্যঝুঁকি বাড়ে।
বায়ুদূষণের কারণে শ্বাসকষ্ট, অ্যালার্জি ও অন্যান্য শারীরিক সমস্যার ঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তারা প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া এবং বাইরে গেলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন।
উল্লেখ্য, ঢাকায় দীর্ঘদিন ধরেই বায়ুদূষণ একটি বড় সমস্যা হিসেবে বিরাজ করছে। মাঝে মাঝে বৃষ্টির কারণে দূষণ কিছুটা কমলেও বছরের অধিকাংশ সময়ই শহরটি দূষিত শহরের তালিকার উপরের দিকেই অবস্থান করে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

