বিশ্বব্যাপী বায়ুদূষণের পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্যে দেখা গেছে, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে দূষিত শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা শীর্ষে অবস্থানে রয়েছে।
সকাল ১০ টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর রেকর্ড করা হয় ২৭৫, যা পরিবেশগত মানদণ্ড অনুযায়ী ‘খুব অস্বাস্থ্যকর’ শ্রেণিভুক্ত। এই মাত্রার দূষণ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
আইকিউএয়ারের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৭৫ একিউআই স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা । দ্বিতীয় অবস্থানে আছে মিসরের রাজধানী কায়রো, যার স্কোর ২৭০। ২২১ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে আছে ভারতের কলকাতা । ১৯৪ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে রাশিয়ার ক্রাসনোয়ারস্ক ।
বিশেষজ্ঞদের মতে, এ ধরনের উচ্চমাত্রার বায়ুদূষণ শ্বাসকষ্ট, হাঁপানি, হৃদ্রোগসহ নানা জটিল স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বাড়ায়। বিশেষ করে শিশু, বয়স্ক ও শারীরিকভাবে অসুস্থ ব্যক্তিদের ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি। এ কারণে তাদের অপ্রয়োজনে বাইরে না বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বায়ুমান সূচক অনুযায়ী, একিউআই স্কোর ০ থেকে ৫০ হলে বাতাসকে ‘ভালো’ ধরা হয়। আর ২০১ থেকে ৩০০ স্কোরের মধ্যে থাকলে তা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ৩০০-এর বেশি হলে পরিস্থিতিকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়, যা জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি সৃষ্টি করে।
পরিবেশবিদরা বলছেন, অপরিকল্পিত নির্মাণকাজ, যানবাহনের ধোঁয়া, শিল্পকারখানার নির্গমন এবং শুষ্ক মৌসুমের ধুলাবালি ঢাকার বাতাস দূষণের প্রধান কারণ। পাশাপাশি নিয়মিত সড়কে পানি ছিটানো ও কার্যকর দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থার অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
আইকিউএয়ারের এই সূচক মূলত পিএম ২.৫ নামের সূক্ষ্ম ধূলিকণার মাত্রা পরিমাপের ভিত্তিতে নির্ধারিত হয়, যা সহজেই ফুসফুসে প্রবেশ করে রক্তে মিশে যেতে পারে। ঢাকার বাসিন্দাদের স্বাস্থ্য সুরক্ষায় ব্যক্তিগত সতর্কতার পাশাপাশি দূষণ নিয়ন্ত্রণে দ্রুত ও কার্যকর সরকারি উদ্যোগের ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

