৫০তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষা-২০২৫-এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বুধবার (২৬ নভেম্বর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪ ডিসেম্বর সকাল ১০টা থেকে আবেদন ও ফি জমা দেওয়ার কার্যক্রম শুরু হবে। আবেদন গ্রহণ চলবে ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি ২০২৬।
পরবর্তী ধাপগুলো হলো—লিখিত পরীক্ষা শুরু ৯ এপ্রিল ২০২৬, লিখিত পরীক্ষার ফল প্রকাশ ৩০ জুলাই ২০২৬, মৌখিক পরীক্ষা শুরু ১০ আগস্ট ২০২৬, চূড়ান্ত ফল প্রকাশ ২৫ নভেম্বর ২০২৬ ।
প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা একযোগে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। কোনো প্রার্থীর পছন্দের কেন্দ্র বরাদ্দ করা সম্ভব না হলে পিএসসি নির্ধারিত অন্য কেন্দ্রে পরীক্ষা দিতে হবে। কেন্দ্র পরিবর্তনের আবেদন গ্রহণযোগ্য হবে না। মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে পিএসসির প্রধান কার্যালয়, ঢাকায়।
৫০তম বিসিএসে ১,৭৫৫টি ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে—প্রশাসন ক্যাডারে ২০০, স্বাস্থ্য ক্যাডারে ৬৫০, পুলিশ ক্যাডারে ১১৭, কৃষি ক্যাডারে ১২০ ।
সরকারি শিক্ষাক্ষেত্রে কলেজের জন্য ১৩৯ জন প্রভাষক, মাদ্রাসা–ই–আলিয়ার জন্য ২৬ জন এবং পলিটেকনিক ও গ্লাস অ্যান্ড সিরামিক ইনস্টিটিউটের জন্য ২১ জন প্রভাষক নিয়োগের কথা উল্লেখ করা হয়েছে।
নন-ক্যাডার পদ রয়েছে ৩৯৫টি—নবম গ্রেডে ৭১টি, দশম গ্রেডে ৪২টি, একাদশ গ্রেডে ২৭৮টি, বারোতম গ্রেডে ৪টি ।
বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পরই বার্ষিক রোডম্যাপ তৈরি করে, যার অংশ হিসেবে প্রতি বছর নভেম্বরে নতুন বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ এবং পরের বছরের ৩০ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়। সেই ধারাবাহিকতায় নভেম্বর ২০২৫-এ ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

