কেরানীগঞ্জে বিএনপি নেতা হাসান মোল্লার ওপর গুলির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেছেন, আসন্ন জাতীয় নির্বাচনের প্রক্রিয়া ব্যাহত করতে এ ধরনের গুপ্ত হামলা চালানো হচ্ছে।
শুক্রবার(২৩ জানুয়ারি) এক সংবাদ বিবৃতিতে তিনি বলেন, বৃহস্পতিবার রাতের ঘটনা উদ্বেগজনক। ঢাকার কেরানীগঞ্জে দলের কার্যালয়ের সামনের এলাকায় হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে (৪২) দুর্বৃত্তরা গুলি করে আহত করেছে।
মির্জা ফখরুল বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও নানা ধরনের অরাজকতা ঘটানোর চেষ্টা নতুন নয়। ছাত্র-জনতার আন্দোলনের পরও ক্ষমতাসীন শাসকগোষ্ঠীর পতনের পর থেকে কিছু দুষ্কৃতকারী সুযোগ পেলে আবারও নাশকতামূলক কার্যক্রম চালাচ্ছে।
তিনি আরও বলেন, “হামলাকারীদের দ্রুত সনাক্ত করে আইনের আওতায় আনা অপরিহার্য। তা না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের নাশকতা ঘটতে পারে।”
বিএনপি মহাসচিব দেশজুড়ে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের রক্ষার জন্য সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সরকারকে ভয়মুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।
বিবৃতিতে মির্জা ফখরুল হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। এছাড়া আহত হাসান মোল্লাসহ অন্যান্য নেতাকর্মীর দ্রুত সুস্থতার কামনা ও তাদের পরিবার-পরিজনের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

