কঙ্গোর গণতান্ত্রিক প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মে প্রাদুর্ভাব ঘোষণার পর এখন পর্যন্ত ১ হাজার ১৫৫ জনের সংক্রমণ নিশ্চিত হয়েছে। এর মধ্যে ৩০৪ জনের মৃত্যু হয়েছে।
আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে এই প্রাদুর্ভাবে মৃত্যুহার দাঁড়িয়েছে প্রায় ২৬ দশমিক ৩ শতাংশ।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুন্ডিবুগিও ধরনের ইবোলা ভাইরাসের সংক্রমণ ইতোমধ্যে ৩৪টি স্বাস্থ্য অঞ্চলে ছড়িয়ে পড়েছে। বর্তমানে ইতুরি, নর্থ কিভু এবং সাউথ কিভু—এই তিনটি প্রদেশে সংক্রমণ সক্রিয় রয়েছে। এর মধ্যে ইতুরি প্রদেশকে প্রাদুর্ভাবের মূল কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এদিকে, চিকিৎসা শেষে ইতুরি প্রদেশে আরও ১৬ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এ নিয়ে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৮ জনে।
অন্যদিকে, আফ্রিকা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (আফ্রিকা সিডিসি) জানিয়েছে, মহাদেশজুড়ে ইবোলা মোকাবিলা এবং প্রস্তুতি জোরদারে প্রায় ১ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন।
এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আফ্রিকা সিডিসির মহাপরিচালক জ্যাঁ কাসেয়া বলেন, প্রয়োজনীয় অর্থ স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তা—উভয় খাতে ব্যয় করা হবে। তবে সম্প্রতি আফ্রিকান ইউনিয়নের উদ্যোগে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে ৯১০ মিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি এলেও এখন পর্যন্ত তার মাত্র ১৩ শতাংশ অর্থ ছাড় করা হয়েছে।
সংক্রমণ নিয়ন্ত্রণে ডিআর কঙ্গো সরকার আক্রান্ত অঞ্চল থেকে আসা ভ্রমণকারীদের জন্য ২১ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনের নির্দেশ জারি করেছে। পাশাপাশি সংক্রমণ প্রতিরোধে নজরদারি, চিকিৎসা ও জনসচেতনতামূলক কার্যক্রমও জোরদার করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
