ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভকে কেন্দ্র করে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১১৮ জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছে দিল্লি পুলিশ। পাশাপাশি হামলা, ভাঙচুর ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার অভিযোগে ৭০ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) দিল্লি পুলিশের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশের তথ্যমতে, সোমবার (২০ জুলাই) যন্তর মন্তর থেকে সংসদ অভিমুখে পদযাত্রার কর্মসূচি ঘিরে সংঘর্ষের সূত্রপাত হয়। মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট) নিয়ে অনিয়মের অভিযোগের তদন্ত এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনকারীরা এ কর্মসূচি পালন করছিলেন।
পুলিশ জানায়, কর্মসূচি শুরুর কিছুক্ষণ পর বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়। পরে তারা আবারও যন্তর মন্তর এলাকায় জড়ো হয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
দিল্লি পুলিশের দাবি, বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন এবং পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল ও পাথর নিক্ষেপ করেন। এছাড়া সরকারি যানবাহন ও বিভিন্ন স্থাপনায় ভাঙচুরের ঘটনাও ঘটে।
পুলিশের তথ্য অনুযায়ী, আহত ১১৮ সদস্যের মধ্যে বিশেষ পুলিশ কমিশনার, যুগ্ম পুলিশ কমিশনার, অতিরিক্ত পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার এবং কয়েকজন নারী পুলিশ সদস্য রয়েছেন।
অন্যদিকে, পুলিশের লাঠিচার্জে অন্তত ৬০ জন বিক্ষোভকারী আহত হয়েছেন বলেও জানিয়েছে দিল্লি পুলিশ। আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও, বাকিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এখন পর্যন্ত ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে হামলা, ভাঙচুর এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

