দুই ম্যাচে টানা ড্রয়ের পর শেষ পর্যন্ত ছন্দে ফিরেছে বেলজিয়াম। ‘জি’ গ্রুপের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৫-১ গোলে বিধ্বস্ত করে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে ইউরোপের দলটি। বড় এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই শেষ ৩২-এ উঠেছে রুডি গার্সিয়ার শিষ্যরা।
শনিবার (২৭ জুন) কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ম্যাচে বেলজিয়ামের হয়ে জোড়া গোল করেন লেয়ান্দ্রো ট্রসার্ড। এছাড়া কেভিন ডি ব্রুইনে, রোমেলু লুকাকু ও আলেক্সিস সালেমেকার্স একটি করে গোল করেন। নিউ জিল্যান্ডের হয়ে একমাত্র গোলটি করেন এলিজা জাস্ট।
শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বেলজিয়াম। ১২তম মিনিটে ট্রসার্ড গোলের খুব কাছাকাছি পৌঁছালেও নিউ জিল্যান্ডের এক ডিফেন্ডার গোললাইন থেকে বল ফিরিয়ে দেন। পরের মিনিটে কেভিন ডি ব্রুইনের সুযোগও কাজে লাগেনি।
২০তম মিনিটে হ্যান্ডবলের অভিযোগে প্রথমে বেলজিয়ামকে পেনাল্টি দেওয়া হলেও ভিএআর পর্যালোচনার পর রেফারি নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেন।

তবে ২৮তম মিনিটে আর অপেক্ষা করতে হয়নি। কর্নার থেকে সৃষ্ট সুযোগে নিউ জিল্যান্ডের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে ট্রসার্ড গোল করে বেলজিয়ামকে এগিয়ে দেন।
প্রথমার্ধের শেষদিকে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি বেলজিয়াম। বিরতির পর ৫০তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের লিড ২-০ করেন ট্রসার্ড।
এরপর ৬৬তম মিনিটে ডি ব্রুইনে দূরপাল্লার নিখুঁত শটে তৃতীয় গোল যোগ করেন। এই ম্যাচে খেলতে নেমে বিশ্বকাপে বেলজিয়ামের হয়ে সর্বাধিক ১৮ ম্যাচ খেলার রেকর্ডও গড়েন গোলরক্ষক থিবো কোর্তোয়া।
৮৪তম মিনিটে এলিজা জাস্টের গোলে ব্যবধান কমায় নিউ জিল্যান্ড। তবে দুই মিনিট পর কর্নার থেকে হেডে গোল করে ব্যবধান আবারও তিন গোলে নিয়ে যান বদলি হিসেবে নামা রোমেলু লুকাকু।
যোগ করা সময়ে লুকাকুর পাস থেকে আলেক্সিস সালেমেকার্স গোল করলে ৫-১ ব্যবধানে বড় জয় নিশ্চিত হয় বেলজিয়ামের।
এই জয়ে গ্রুপ পর্ব শেষ করে শীর্ষস্থান নিশ্চিত করেছে বেলজিয়াম। অন্যদিকে তিন ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে থেকে বিশ্বকাপ মিশন শেষ করেছে নিউজিল্যান্ড।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
