AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৮ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াতে নানা উদ্যোগ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:৫৩ পিএম, ৮ জুলাই, ২০২৬

কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াতে নানা উদ্যোগ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

গবেষণা, আধুনিক প্রযুক্তি ও যান্ত্রিকীকরণের মাধ্যমে দেশের কৃষিকে আরও প্রযুক্তিনির্ভর, লাভজনক ও টেকসই খাতে রূপান্তরের লক্ষ্যে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ডিজিটাল কৃষি ব্যবস্থার সম্প্রসারণ, স্মার্ট প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, কৃষি যান্ত্রিকীকরণ এবং জলবায়ু-সহিষ্ণু কৃষি উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে।

বুধবার (৮ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব তথ্য তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, সনাতনী ও শ্রমনির্ভর কৃষি ব্যবস্থা থেকে বেরিয়ে গবেষণা, উদ্ভাবন এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষিকে প্রতিযোগিতামূলক ও টেকসই খাতে রূপান্তর করা হচ্ছে। এ লক্ষ্যেই কৃষি খাতে ডিজিটাল সেবার বিস্তৃতি ঘটানো হচ্ছে।

তিনি জানান, কৃষক নিবন্ধন, জাতীয় কৃষক ডাটাবেজ, ডিজিটাল কৃষিসেবা, মোবাইলভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস, বাজারদর, কৃষি পরামর্শ এবং ই-এক্সটেনশন সেবাসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে কৃষক কার্ড বিতরণের মাধ্যমে প্রায় ২ কোটি ৭৫ লাখ কৃষককে ডিজিটাল প্ল্যাটফর্মের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, উৎপাদন ব্যয় কমানো ও শ্রম সংকট মোকাবিলায় কৃষি যান্ত্রিকীকরণের কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ইন্টারনেট অব থিংস (আইওটি), ড্রোন, রিমোট সেন্সিং, জিপিএস, স্যাটেলাইট তথ্য এবং বিগ ডাটার মতো আধুনিক প্রযুক্তি কৃষিতে ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তার মতে, এসব প্রযুক্তির মাধ্যমে ফসলের বৃদ্ধি ও স্বাস্থ্য পর্যবেক্ষণ, রোগবালাই শনাক্ত, সঠিক সার ও সেচ ব্যবস্থাপনা এবং উৎপাদন পরিকল্পনা আরও কার্যকর ও বিজ্ঞানভিত্তিক করা সম্ভব হবে। এছাড়া তথ্যনির্ভর প্রিসিশন অ্যাগ্রিকালচার চালুর মাধ্যমে উৎপাদন খরচ কমিয়ে কৃষকের আয় বৃদ্ধির উদ্যোগও নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী জানান, কৃষকদের জন্য ‘খামারি অ্যাপ’ চালু করা হয়েছে। এ অ্যাপের মাধ্যমে কোন এলাকায় কোন ফসল উপযোগী, কী পরিমাণ সার প্রয়োজন এবং আবহাওয়ার পূর্বাভাসসহ বিভিন্ন কৃষি পরামর্শ পাওয়া যাচ্ছে।

তিনি আরও বলেন, রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সার, বায়োফার্টিলাইজার এবং পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কৃষিকে আরও অভিযোজনক্ষম ও জলবায়ু-স্মার্ট খাতে রূপান্তরের কাজও চলমান রয়েছে।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দেশের কৃষি আরও উৎপাদনশীল, প্রযুক্তিনির্ভর ও টেকসই হবে এবং জাতীয় খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!