চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে।
সোমবার (২৭ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আব্দুল খালেক সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে গত ২০ জুলাই ফল প্রকাশের সম্ভাবনা থাকলেও ফল প্রস্তুতের কাজ সম্পন্ন না হওয়ায় নির্ধারিত সময়ে তা প্রকাশ করা সম্ভব হয়নি।
সকালে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ফলাফল প্রস্তুতের জন্য ২৮ জুলাই পর্যন্ত সময় চাওয়া হয়েছিল। এরপর সরকারের নির্ধারিত তারিখে ফল প্রকাশ করা হবে।
উল্লেখ্য, এসএসসি পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের প্রচলিত নিয়ম রয়েছে। চলতি বছর সেই সময়সীমা ২০ জুলাই পূর্ণ হলেও প্রশাসনিক কারণে ফল প্রকাশ পিছিয়ে যায়।
২০২৬ সালের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নেয়।
এর মধ্যে ছাত্রের সংখ্যা ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রীর সংখ্যা ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।
নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। এর মধ্যে ছাত্র ৭ লাখ ৫১ হাজার ৯৩ জন এবং ছাত্রী ৬ লাখ ৬৭ হাজার ৩০৫ জন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নেয় ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১ লাখ ৬১ হাজার ৪৯১ জন এবং ছাত্রী ১ লাখ ৪২ হাজার ৭৯৫ জন।
অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১ লাখ ১ হাজার ৫০৯ জন এবং ছাত্রী ৩৩ হাজার ১৫১ জন।
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা পরিচালনার জন্য সারা দেশে ৩ হাজার ৮৮৫টি পরীক্ষা কেন্দ্র নির্ধারণ করা হয়। পরীক্ষায় অংশ নেয় ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

