চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে নাজমুল হোসেন (২৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ২টার দিকে উপজেলার রুদ্রনগর মাঠে পাওয়ার ট্রিলার দিয়ে জমি চাষ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল হোসেন রুদ্রনগর গ্রামের জসীম উদ্দীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে নাজমুল হোসেন পাওয়ার ট্রিলার নিয়ে নিজের জমি চাষ করতে মাঠে যান। দুপুর ২টার দিকে বজ্রসহ বৃষ্টি শুরু হলে তিনি মাঠেই কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন বলেন, “কৃষিকাজ করার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
