AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৮ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাকিস্তানে নিরাপত্তা বাহিনী-সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষে নিহত ৩০


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৭:২৬ পিএম, ৮ জুলাই, ২০২৬

পাকিস্তানে নিরাপত্তা বাহিনী-সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষে নিহত ৩০

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনী ও একটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৯ জন সশস্ত্র সদস্য এবং ১১ জন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন।

নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানা গেছে, বুধবার এন-২৫ মহাসড়কের ঝাও ক্রস ও কারারো এলাকার মধ্যবর্তী স্থানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় ‘ফিতনা আল-হিন্দুস্তান’ নামে পরিচিত সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়।

কর্তৃপক্ষের দাবি, গোয়েন্দা তথ্য অনুযায়ী ওই গোষ্ঠীর সদস্যরা মহাসড়কে চলাচলকারী যানবাহন, যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে চাঁদা আদায় করছিল। এ তথ্যের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়।

সংঘর্ষ শেষে এলাকাজুড়ে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। পালিয়ে যাওয়া সশস্ত্র সদস্যদের ধরতে আশপাশের এলাকায় তল্লাশি অভিযানও অব্যাহত রয়েছে।

নিরাপত্তা বাহিনী জানিয়েছে, জনজীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বেলুচিস্তানের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলো নিরাপদ রাখতে এ ধরনের অভিযান চলবে। একই সঙ্গে প্রদেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, এর কয়েক দিন আগেই বেলুচিস্তানের জিয়ারত জেলায় একটি পুলিশ চেকপোস্টে সশস্ত্র হামলায় অন্তত ৯ পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনা ঘটে, যা প্রদেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!