AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ব্রাজিল হারিয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা



ব্রাজিল হারিয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

বিশ্ব ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জে। ম্যাচে ১-০ গোলের ব্যবধানে ব্রাজিল সমর্থকদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী।

শুক্রবার (২৬ জুন) বিকেলে কমলগঞ্জ পৌর ফুটবল অ্যাকাডেমির আয়োজনে কমলগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই ব্যতিক্রমধর্মী ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। বিভিন্ন বয়সী দর্শকের উপস্থিতিতে মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। দুই দলের সমর্থকদের পতাকা, জার্সি, স্লোগান ও উচ্ছ্বাসে পুরো মাঠ প্রাণবন্ত হয়ে ওঠে।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দেয়। প্রথমার্ধে আর্জেন্টিনা সমর্থক দলের হয়ে আজাদ একমাত্র গোলটি করে দলকে এগিয়ে নেন।

দ্বিতীয়ার্ধে ব্রাজিল সমর্থক দল সমতায় ফেরার একাধিক সুযোগ তৈরি করলেও আর্জেন্টিনা সমর্থকদের দৃঢ় রক্ষণভাগ ও গোলরক্ষকের নৈপুণ্যে আর কোনো গোল করতে পারেনি। ফলে ১-০ গোলের জয় নিয়ে শিরোপা নিশ্চিত করে আর্জেন্টিনা সমর্থক দল।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তরুণ উদ্যোক্তা মুঈদ আশিক চিশতী। তিনি বলেন, “খেলাধুলা পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে। এ ধরনের আয়োজন তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করে।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমলগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক জুয়েল আহমেদ জুলি। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য মো. দুরুদ আহমদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমেদ খানসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

আয়োজকরা জানান, ফুটবলপ্রেমীদের মধ্যে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। দর্শকরাও এমন ব্যতিক্রমী আয়োজনের প্রশংসা করে নিয়মিত এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের আহ্বান জানান।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!