প্রথম দুই ম্যাচে বাংলাদেশ ও পাকিস্তান দুটি ম্যাচে একটি করে জয় লাভ করায় তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি সিরিজ নির্ধারণী হয়ে দাঁড়িয়েছে। এই ম্যাচে ব্যাট করতে নেমে চ্যালেঞ্জিং সংগ্রহ করেছে স্বাগতিক বাংলাদেশ। তানজিদ হাসান তামিমের অভিষেক সেঞ্চুরির সহায়তায় নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশ ৫ উইকেটে ২৯০ রান সংগ্রহ করেছে।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানান পাকিস্তানের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি। ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ১০৫ রান যোগ করে বাংলাদেশ। ইনিংসের ১৯তম ওভারে সাইফ এগিয়ে এসে বলের লাইন মিস করে বোল্ড হন; তার ব্যাট থেকে আসে ৫৫ বলে ৩৬ রান।
এরপর ইনিংস বড় করতে পারেননি নাজমুল হোসেন শান্ত। হারিস রউফের করা বলে আউট হওয়ার আগে তার রান ২৭।
অপেনার তানজিদ হাসান তামিম অভিষেক সেঞ্চুরির দেখা পান। মাত্র ৪৭ বলে ফিফটি পূর্ণ করেন তিনি, এবং পরের ফিফটি করতে ৪৯ বল খেলে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি অর্জন করেন। তানজিদের ইনিংসটি ছিল ১০৭ বলে ১০৭ রান, যার মধ্যে ৬টি চার ও ৭টি ছক্কা ছিল। তবে সেঞ্চুরি করার পর আবরারের খাটো লেংথের একটি বলে কাভারে শাহিন আফ্রিদির হাতে ধরা পড়েন।
চতুর্থ উইকেটে লিটন কুমার দাস ও তাওহীদ হৃদয় ৬৮ রানের জুটি গড়েন, যা বাংলাদেশের বড় সংগ্রহের দিকে এগিয়ে নেয়। লিটন ৪১ রান করে আউট হন, আর পরের উইকেটে নেমে রিশাদ হোসেন প্রথম বলেই বোল্ড হয়ে ইনিংস শেষ করেন।
বাংলাদেশের এই সংগ্রহ পাকিস্তানের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে, যা সিরিজের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

