২০২৫ সালটি শিরোপা আর সাফল্যে ভরপুরভাবে শেষ করল ফ্রান্সের শীর্ষ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। বছরের শুরুতে সুপার কাপ জয়ের মাধ্যমে যাত্রা শুরু করা লুইস এনরিকের দলটি এরপর ফরাসি কাপ, লিগ ওয়ান এবং ইতিহাসে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগ জিতে ট্রেবল পূর্ণ করে। বছরের শেষ অধ্যায়েও শিরোপা উৎসবেই মেতে উঠল প্যারিসিয়ানরা।
প্রথমবারের মতো ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতে বিশ্বসেরা ক্লাব হিসেবে বছর শেষ করল পিএসজি।
ফাইনাল ম্যাচে শুরু থেকেই বল দখল ও আক্রমণে আধিপত্য দেখায় ফরাসি জায়ান্টরা। ফেভারিট হিসেবে মাঠে নামলেও শক্ত প্রতিরোধ গড়ে তোলে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গো। সদ্য কোপা লিবের্তাদোরেস ও ব্রাজিলিয়ান সিরি আ জয়ী দলটি পিএসজির সঙ্গে সমানে সমান লড়াই করে।
দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়েও গোলের দেখা পাচ্ছিল না পিএসজি। অবশেষে ম্যাচের ৩৮তম মিনিটে কাভারাৎসখেলিয়ার গোলে অচলাবস্থা কাটে। ওই গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় এনরিকের শিষ্যরা।
বিরতির পর দ্রুতই ম্যাচে ফেরে ফ্লামেঙ্গো। ৫৯তম মিনিটে বক্সের ভেতরে ফাউলের ঘটনায় ভিএআর পর্যালোচনার পর পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পট কিক থেকে গোল করে দলকে সমতায় ফেরান ইতালিয়ান মিডফিল্ডার জর্জিনিয়ো। নির্ধারিত ও অতিরিক্ত সময়েও আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
পেনাল্টি শুটআউটে শুরুতে দুই দলই গোল করলেও এরপর দৃশ্যপটে আসেন পিএসজির গোলরক্ষক সাফানভ। তিনি একে একে রুখে দেন সাউল নিগেস, লিও পেরেইরা ও লুইস আরাউহোর শট। মাঝখানে দেম্বেলের একটি শট মিস হলেও সাফানভের দুর্দান্ত নৈপুণ্যে শেষ পর্যন্ত জয় নিশ্চিত হয় পিএসজির।
গোলরক্ষকের অসাধারণ পারফরম্যান্সে প্রথমবারের মতো ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ জয়ের আনন্দে ভাসে প্যারিস সেইন্ট জার্মেই।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

