বোলারদের দাপটের পর ব্যাটসম্যানদের নির্ভার পারফরম্যান্সে নেপালকে সহজেই হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আজ ৭ উইকেটের বড় ব্যবধানে জয় তুলে নেয় বাংলাদেশ।
প্রথমে ব্যাট করতে নেমে নেপালকে মাত্র ১৩০ রানে গুটিয়ে দেয় বাংলাদেশের বোলিং আক্রমণ। এরপর রান তাড়ায় শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করে লক্ষ্য অনেক আগেই নাগালে এনে ফেলে আজিজুল হাকিমের দল। শেষ পর্যন্ত ১৫১ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ।
জয়ের নায়ক ছিলেন ওপেনার জাওয়াদ আবরার। ৬৮ বল খেলে ৭টি চার ও ৩টি ছক্কায় তিনি অপরাজিত ৭০ রান করেন। তার সঙ্গে শেষদিকে ম্যাচ শেষ করেন রিজান হোসেন, যিনি ৮ বলে ১২ রান করে অপরাজিত থাকেন।
দুবাইয়ের দ্য সেভেন স্টেডিয়ামে লক্ষ্য তাড়ায় বাংলাদেশ শুরুতেই ঝড় তোলে। প্রথম তিন ওভারেই আসে ২৭ রান। তবে চতুর্থ ওভারে পরপর দুই বলে উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে দল। ওপেনার রিফাত বেগ ক্যাচ তুলে আউট হন এবং অধিনায়ক আজিজুল হাকিম প্রথম বলেই রান আউটে কাটা পড়েন।
২৯ রানে দুই উইকেট হারানোর পর জাওয়াদ আবরার ও কালাম সিদ্দিকী মিলে ম্যাচের নিয়ন্ত্রণ নেন। তৃতীয় উইকেটে তাদের ৯২ রানের জুটি বাংলাদেশকে জয়ের খুব কাছে পৌঁছে দেয়। কালাম ৬৬ বলে ৩৪ রান করে আউট হলেও তখন জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ১০ রান।
এর আগে বল হাতে নেপালকে চাপে রাখেন বাংলাদেশের প্রায় সব বোলার। মোহাম্মদ সবুজ ২৭ রানে সর্বোচ্চ ৩টি উইকেট নেন। সাদ ইসলাম, শাহরিয়ার আহমেদ ও আজিজুল হাকিম দুটি করে উইকেট শিকার করেন। একটি উইকেট পান আল–আমিন।
এই জয়ের ফলে ‘বি’ গ্রুপে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বাংলাদেশ। এর আগে প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩ উইকেটে হারিয়েছিল দলটি।
গ্রুপের অন্য ম্যাচে আফগানিস্তান ও শ্রীলঙ্কার লড়াই চলছে। শ্রীলঙ্কা যদি ওই ম্যাচে জয় পায়, তবে এক ম্যাচ বাকি থাকতেই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল সেমিফাইনাল নিশ্চিত করবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

