ভিসা করে দক্ষিণ আফ্রিকায় নিয়ে যাওয়ার কথা বলে নোয়াখালীর যুবক নাফিস ইকবাল (১৭)-কে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে দালাল চক্র।
গত ৬ দিন ধরে দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে অচেতন অবস্থায় রয়েছেন নাফিস ইকবাল। তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাজী উমেদ আলী বেপারি বাড়ির মো. শাহাবুদ্দিনের ছেলে। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি তৃতীয়।
গত ২ এপ্রিল দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা দেন নাফিস ইকবাল। সরাসরি ফ্লাইটে নেওয়ার কথা বলে দালাল চক্র প্রতিশ্রুতি ভঙ্গ করে তাকে আফ্রিকার বিভিন্ন দেশ ঘুরিয়ে সড়কপথে নিয়ে পৌঁছায়। জঙ্গল ও পাহাড়ি দুর্গম পথে কষ্টকর যাত্রার সময় তিনি ম্যালেরিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হন। কোনোভাবে দক্ষিণ আফ্রিকায় পৌঁছালেও তাকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। গত ছয় দিন ধরে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এখনো তিনি আশঙ্কামুক্ত নন।
নাফিসের চাচা, দক্ষিণ আফ্রিকাপ্রবাসী সাইফুল ইসলাম জানান, “আমি প্রায় ২০ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় বসবাস করছি। আমার ভাতিজাকে সরাসরি ফ্লাইটে পাঠানোর কথা বলে ফেনীর দালাল ফারুক সাড়ে আট লাখ টাকা নেয়। কিন্তু পরে তাকে সড়কপথে পাঠানো হয়। এই কারণেই আজ তার এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ পর্যন্ত আমাদের প্রায় ৫০ লাখ টাকা খরচ হয়েছে। আমার ভাতিজা আমার সন্তানের মতো—তার এই অবস্থা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না।”
অচেতন অবস্থায় হাসপাতালে থাকা নাফিস ইকবালের পরিবারের দাবি, দালাল চক্র মোটা অঙ্কের টাকা নিলেও এ অবস্থায় নাফিসের কোনো খোঁজখবর নিচ্ছে না এবং পরিবারের সঙ্গে যোগাযোগও করছে না।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

