AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিদের নির্বাচনে সুযোগ দিলে রাজপথে নামবে এনসিপি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:১৪ পিএম, ১৭ জানুয়ারি, ২০২৬

দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিদের নির্বাচনে সুযোগ দিলে রাজপথে নামবে এনসিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্বধারী ও ঋণখেলাপি ব্যক্তিদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হলে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথে আন্দোলনের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এনসিপির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেন, সংবিধান ও জনপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী দ্বৈত নাগরিকত্ব থাকলে কেউ সংসদ সদস্য প্রার্থী হওয়ার যোগ্যতা হারান। অথচ বাস্তবে দেখা যাচ্ছে, দ্বৈত নাগরিকত্ব থাকা সত্ত্বেও অনেকে দলবল নিয়ে নির্বাচন কমিশনে গিয়ে চাপ সৃষ্টি করছেন। এমনকি বিভিন্ন ব্যাখ্যা ও আইনি ফাঁকফোকরের মাধ্যমে তাদের প্রার্থিতা বৈধ করার প্রবণতাও লক্ষ করা যাচ্ছে, যা সংবিধান, নির্বাচন ব্যবস্থা ও গণতন্ত্রের জন্য উদ্বেগজনক।

আসিফ মাহমুদ অভিযোগ করে বলেন, বিশেষভাবে একটি বড় রাজনৈতিক দলের প্রার্থীদের ক্ষেত্রেই এ প্রবণতা বেশি দেখা যাচ্ছে। যারা নিজেদের গণতন্ত্রের ধারক বলে দাবি করে, বাস্তবে তারা সংবিধান ও আইনের পরিপন্থী কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে। অতীতে রাষ্ট্রীয় সম্পদ লুট করে বিদেশে নাগরিকত্ব ও সম্পদ গড়ে তোলা ব্যক্তিরা এখন আবার জনপ্রতিনিধি হওয়ার উদ্দেশ্যে দেশে ফিরে আসছেন।

তিনি বলেন, জনপ্রতিনিধি হতে হলে এককভাবে বাংলাদেশের নাগরিক হতে হবে। কোনো বিদেশি নাগরিককে বাংলাদেশের নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না। নির্বাচন কমিশন যদি সংবিধান লঙ্ঘন করে কিংবা এখতিয়ার বহির্ভূত কোনো ব্যাখ্যার মাধ্যমে এমন প্রার্থীদের বৈধতা দেওয়ার চেষ্টা করে, তাহলে এনসিপি আদালতে যাবে এবং একই সঙ্গে রাজপথে নামবে।

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও সমালোচনা করে তিনি বলেন, শুরু থেকেই এনসিপি কমিশনকে সহযোগিতা করে এসেছে। তবে সাম্প্রতিক ঘটনাগুলো এবং অ্যাফিডেভিটের মাধ্যমে বিদেশি নাগরিকদের নির্বাচনে সুযোগ দেওয়ার সম্ভাব্য উদ্যোগ এনসিপির জন্য উদ্বেগজনক। এ ধরনের সিদ্ধান্ত হলে আর কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, কোনো ঋণখেলাপি বা দ্বৈত নাগরিকত্বধারী ব্যক্তি যদি যে কোনো ব্যাখ্যার মাধ্যমে নির্বাচনের যোগ্যতা পায়, তবে তার বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এনসিপি কোনোভাবেই আগের মতো দায়সারা বা একতরফা নির্বাচন আয়োজনের সুযোগ দিতে চায় না।

আসিফ মাহমুদ বলেন, অতীতে ক্ষমতায় থাকা দলগুলোর বহু প্রার্থী বিপুল অঙ্কের ঋণখেলাপি। জনগণের টাকা ফেরত না দিয়েই তারা বারবার নির্বাচনে অংশ নিতে চায় বা বিদেশে বিলাসী জীবনযাপন করে। এসব অনিয়মের বিরুদ্ধে এনসিপি দৃঢ় অবস্থানে থাকবে।

তিনি জানান, জাতীয় নাগরিক পার্টির ৪৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং একজন ছাড়া সবাই নির্ভুলভাবে বৈধতা পেয়েছেন। এতে প্রমাণ হয়, এনসিপি তথাকথিত লুটেরা রাজনৈতিক শক্তির বাইরে থেকে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার চেষ্টা করছে।

সংবাদ সম্মেলনে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনোভাবে যদি নির্বাচন কমিশনকে প্রভাবিত করে বা পুরোনো ব্যবস্থার সুযোগ নিয়ে কেউ বৈধতা আদায় করতে চায়, তাহলে তাদের বিরুদ্ধে রাজপথে ও আদালতে প্রতিরোধ গড়ে তোলা হবে। জনগণের প্রতিনিধিত্ব করার অধিকার এভাবে ক্ষুণ্ন করতে দেওয়া হবে না।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!