বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের মানুষ অধীর আগ্রহে নির্বাচনের অপেক্ষায় থাকলেও বিরাজমান পরিস্থিতি উদ্বেগজনক। রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটছে, অথচ সরকার কার্যকর কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ের নির্বাচনের ফল জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। তিনি দাবি করেন, অন্যান্য ছাত্র সংগঠনের অনেক কর্মী ফ্যাসিস্ট সরকারের সময়ে সক্রিয় থাকলেও ছাত্রদলের নেতাকর্মীরা সে সময় সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ পাননি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফর প্রসঙ্গে তিনি বলেন, এটি তার ব্যক্তিগত সফর। দেশে ফেরার পর তিনি জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদসহ অন্যান্য শহীদদের কবর জিয়ারত করবেন। ঢাকায় তার আগমনের সময় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কথা উল্লেখ করে তিনি বলেন, জেলা পর্যায়ের সফরগুলো নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে।
তিনি আরও বলেন, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া উত্তরাঞ্চলকে স্বনির্ভর করার লক্ষ্যে এ ধরনের সফর ইতিবাচক ভূমিকা রাখবে।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, সহসভাপতি আবু তাহের দুলালসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

