ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুজ্জামান মাসুদ নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। তিনি জানিয়েছেন, নিজের এবং পরিবারের নিরাপত্তা বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। একই সঙ্গে জানান, ভবিষ্যতে দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষেই তিনি কাজ করবেন।
সংবাদ সম্মেলনে মাসুদুজ্জামান মাসুদ বলেন, দলীয় কোনো চাপ, নির্দেশনা কিংবা হুমকির কারণে নয়, একান্ত ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তাজনিত কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, ‘আমার পরিবারকে ঘিরে কিছু উদ্বেগ রয়েছে। বর্তমান রাজনৈতিক পরিবেশও বিষয়টির সঙ্গে জড়িত। সব মিলিয়েই আমাকে এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।’
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজ উদ্যোগে তাকে মূল্যায়ন করে মনোনয়ন দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেই দায়িত্ব ধরে রাখতে না পারায় তিনি দুঃখ প্রকাশ করেন এবং এ জন্য দলের শীর্ষ নেতৃত্বের কাছে ক্ষমা প্রার্থনা করেন।
মাসুদ জানান, ভবিষ্যতে দলের পক্ষ থেকে অন্য কোনো প্রার্থী মনোনয়ন পেলে তার জন্য সর্বাত্মকভাবে কাজ করবেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সংসদ সদস্য না হলেও সমাজ ও মানুষের কল্যাণে কাজ করার অনেক সুযোগ রয়েছে। নির্বাচনী প্রচারণার সময় মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে তিনি বিষয়টি গভীরভাবে উপলব্ধি করেছেন। নির্বাচনী এলাকার বাইরেও তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন বলেও উল্লেখ করেন।
দল যদি তার সিদ্ধান্ত গ্রহণ না করে পুনরায় মনোনয়ন বহাল রাখে—এমন প্রশ্নের উত্তরে মাসুদ বলেন, তার দল তাকে কোনো ধরনের চাপ প্রয়োগ করবে না বলে তিনি বিশ্বাস করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

