AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার অবস্থা এখন নেই : মির্জা ফখরুল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:২৫ পিএম, ২৯ নভেম্বর, ২০২৫

খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার অবস্থা এখন নেই : মির্জা ফখরুল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখনও ‘সংকটাপন্ন’ অবস্থায় রয়েছেন এবং এভারকেয়ার হাসপাতালে দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে তার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৯ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। বিজয়ের মাসকে সামনে রেখে ঘোষিত ‘রোড শো’ কর্মসূচির বিস্তারিত তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে ব্যাখ্যা দেন ফখরুল।

মির্জা ফখরুল বলেন, “আপনারা জানেন, আমাদের দেশের অবিসংবাদিত নেত্রী, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেশ কয়েকদিন ধরে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। তার শারীরিক অবস্থা কিছুটা সংকটাপন্ন।”

তিনি জানান, খালেদা জিয়ার চিকিৎসায় বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের জনস হপকিন্‌স হাসপাতাল এবং যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞরাও যুক্ত আছেন।

২৩ নভেম্বর রাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষায় তার ফুসফুসে ‘সংক্রমণ’ ধরা পড়ে এবং পরে তাকে ভর্তি করা হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ড নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা পরিচালনা করছে।

গত দুই দিন ধরে তার অবস্থার আরও অবনতি হলে বিএনপি দেশজুড়ে দোয়া মাহফিলের আয়োজন করে।

চিকিৎসকদের সর্বশেষ মতামত তুলে ধরে মির্জা ফখরুল বলেন, “গতকাল রাতে দীর্ঘ বোর্ড সভায় তারা বলেন—প্রয়োজনে তাকে বিদেশে নিতে হতে পারে; কিন্তু আপাতত তার শারীরিক অবস্থা বিদেশগমন উপযোগী নয়। আল্লাহর রহমতে তিনি যদি স্টেবল হন, তখন বিদেশে নেওয়ার প্রসঙ্গ পুনর্বিবেচনা করা হবে।”

তিনি জানান, প্রয়োজন হলে যাতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়, সেজন্য আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে।
“ভিসা, সম্ভাব্য গন্তব্য দেশের সঙ্গে যোগাযোগ এবং এয়ার অ্যাম্বুলেন্সের বিষয়—এসব নিয়ে আলোচনা ও প্রস্তুতি প্রায় সম্পন্ন। যদি দেখা যায় তিনি ‘রেডি টু ফ্লাই’, তাহলে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।”

হাসপাতালের পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে সবার প্রতি অনুরোধ জানিয়ে মির্জা ফখরুল বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতায় মানুষ উদ্বিগ্ন—এটাই স্বাভাবিক। কিন্তু প্রতিদিন অসংখ্য মানুষ হাসপাতালে ভিড় করছেন, এতে হাসপাতাল কর্তৃপক্ষ এবং চিকিৎসকরা বিব্রত হচ্ছেন। চিকিৎসা কার্যক্রমে বিঘ্ন ঘটছে। তাই অনুরোধ করছি—কেউ দয়া করে হাসপাতালে ভিড় করবেন না। তার শারীরিক অবস্থার আপডেট আমরা নিয়মিত জানাব।”

সংবাদ সম্মেলনে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সাধারণ সম্পাদক একে এম কামরুজ্জামান নান্নুসহ বিজয়ের রোড শো উদযাপন কমিটির সদস্য জুবায়ের বাবু উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!