মেট্রোরেলের ভাড়ার ওপর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট নেয়ার সিদ্ধান্ত অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার (১৯ মে) এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, মেট্রোরেলের ওপর এনবিআরের ১৫ শতাংশ কর আরোপের সিদ্ধান্ত ভুল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সিদ্ধান্ত পুনঃবিবেচনার আশ্বাস দিয়েছেন।
তিনি বলেন, আমাদের মেট্রোরেল অনেক সুন্দর। এখানে কোনো শব্দ দূষণ নেই। আজকে এই মেট্রোরেলের পিলারগুলো পোস্টার দিয়ে ভরে ফেলেছে। এগুলো অপরিচ্ছন্ন, নোংরা। মেট্রোরেলগুলো ব্যবহারে আমরা মোটেও মনোযোগী নই। মেট্রোরেল আমাদের সম্পদ। তিন লাখ লোক উত্তরা থেকে মতিঝিল যাচ্ছে।
তিনি বলেন, ‘২০৩০ সালে আমাদের টার্গেট ছিল ছয়টি এমআরটি লাইনের কাজ শেষ হবে। এরই মধ্যে ১ ও ৫ এর গ্রাউন্ড ম্যাপিং হয়ে গেছে।’ এ সময় তিনি যাত্রীদের মেট্রোরেল ব্যবহারে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিনুল্লাহ নূরীর সভাপতিত্বে সেমিনারে আরও ছিলেন– ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজওয়ান আহমেদ তৌফিক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক, জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি, জাইকা বাংলাদেশে প্রতিনিধি ইচিগুচি তোমোহোদি।
একুশে সংবাদ/ন.ট.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

