কর্মমুখী ও টেকনিক্যাল শিক্ষার প্রসারে শিক্ষকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৭ জুন) সকাল ১১টা ২৫ মিনিটে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘কর্মমুখী শিক্ষা নেব, বিশ্বজুড়ে কাজ করব’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে দেশের বিভিন্ন কলেজের ১২ হাজার শিক্ষককে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মসূচি নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ প্রধানমন্ত্রীর হাতে সম্মাননা স্মারক ও গাছের চারা তুলে দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্ম ও জীবনের বিভিন্ন দিক তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এ সময় পটভূমিতে ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ’ গানটি পরিবেশিত হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
সংশ্লিষ্টরা জানান, নতুন পাঠ্যক্রমের আওতায় শিক্ষার্থীরা ফ্রিল্যান্সিং, উদ্যোক্তা উন্নয়ন, ডিজিটাল মার্কেটিং, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মেশিন লার্নিং এবং ডাটা সায়েন্স বিষয়ে প্রশিক্ষণের সুযোগ পাবে।
এসব বিষয়ে কার্যকর পাঠদান নিশ্চিত করতে ইতোমধ্যে ৯০০ মাস্টার ট্রেইনার তৈরি করা হয়েছে। তাদের মাধ্যমে পর্যায়ক্রমে দেশের ১২ হাজার কলেজ শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
একুশে সংবাদ/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

