AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ত্রিশালে ‘ধরার খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:২২ পিএম, ২৩ মে, ২০২৬

ত্রিশালে ‘ধরার খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহের ত্রিশালে ঐতিহাসিক ‘ধরার খাল’ পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৩ মে) দুপুর আড়াইটার দিকে তিনি নিজ হাতে মাটি কেটে এ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৪৭ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খালটি খননের উদ্যোগ নিয়েছিলেন। সেই উদ্যোগের ধারাবাহিকতায় এবার পুনঃখনন কার্যক্রম শুরু হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে সাধারণ মানুষও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে অংশ নেন। সরকার ঘোষিত খাল পুনরুদ্ধার কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এর মাধ্যমে প্রান্তিক অঞ্চলের জলাবদ্ধতা নিরসন ও কৃষি ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

এর আগে শনিবার সকাল ১১টার দিকে রাজধানীর তেজগাঁও কার্যালয় থেকে ত্রিশালের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী।

এদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ত্রিশালে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় নজরুলজয়ন্তী উৎসব। ঈদুল আজহার ছুটিকে সামনে রেখে এ বছরের আয়োজন আগেভাগেই শুরু করা হয়েছে।

প্রধানমন্ত্রী অনুষ্ঠানের উদ্বোধন করবেন এবং সরকারি নজরুল একাডেমি মাঠে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

উৎসবকে ঘিরে নজরুল মঞ্চ ও আশপাশের এলাকা আলোকসজ্জা ও নান্দনিক সাজে সজ্জিত করা হয়েছে। একই সঙ্গে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি চালাচ্ছেন।

জন্মজয়ন্তী উপলক্ষে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কবিতা আবৃত্তি, নজরুলসংগীত, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

সফরসূচি অনুযায়ী, বিকেল ৫টায় ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!