জামালপুরের সরিষাবাড়ী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা একটি ছাগল চুরি হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক সাইফুল ইসলাম থানায় একটি অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পৌরসভার বলারদিয়ার গ্রামের কৃষক সাইফুল ইসলামের একটি লাল রঙের ছাগী কুকুরে কামড় দেয়। ওই ছাগলকে ভ্যাকসিন নেয়ার জন্য উপজেলা
পশু হাসপাতালে নিয়ে আসেন সাইফুল। পরে হাসপাতালের সামনে রেখে চিকিৎসক এর কক্ষে যায়। কিছুক্ষণ পর ফিরে এসে ছাগলটি না পেয়ে অনেক খোজাখুজি করেও সন্ধান পায়নি। ছাগলটির মূল্য আনুমানিক ১০-১২ হাজার টাকা হবে।
ভুক্তভোগী সাইফুল ইসলাম বলেন, “অনেক কষ্ট করে ছাগলটি পালন করেছি। চিকিৎসা করাতে এসে সেটি হারিয়ে যাওয়ায় আমি দিশেহারা হয়ে পড়েছি।”
এ বিষয়ে উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. সুলতান বলেন, “প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ সেবাকেন্দ্রে এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তাকর্মী নিয়োগ এবং সিসি ক্যামেরা স্থাপনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।” একই সঙ্গে সেবা নিতে আসা সাধারণ মানুষকেও আরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সরিষাবাড়ী থানার ওসি মুহাম্মদ ইকবাল হোসেন বলেন, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে জড়িতদের শনাক্ত করা গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

