দেশের পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সরবরাহ বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। আগে রেশনিং পদ্ধতিতে ২৫ শতাংশ হ্রাসের সঙ্গে তেল সরবরাহ করা হলেও, এখন তা কমিয়ে ১৫ শতাংশে আনা হয়েছে।
বুধবার (১১ মার্চ) বিপিসি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির অস্থিরতার মধ্যে দেশের জনগণের চাহিদা মেটাতে এবং তেলের সরবরাহ নিশ্চিত রাখতে বিপিসি প্রয়োজনীয় নির্দেশনা জারি করেছে। এ অনুযায়ী দেশের বিভাগীয় শহরের ফিলিং স্টেশনগুলোকে বরাদ্দ চার্ট অনুযায়ী অকটেন ও পেট্রোল সরবরাহ করা হবে। ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা এবং ডিলার/এজেন্টরা তেলের সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
ইরান–ইসরায়েল–যুক্তরাষ্ট্র সংঘাতের পরিপ্রেক্ষিতে গত রোববার থেকে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি শুরু করা হয়। এর ফলে মানুষ আতঙ্কিত হয়ে দীর্ঘ সময় ধরে পাম্পে দাঁড়িয়ে জ্বালানি তেল সংগ্রহ করছেন। তবে সরকারের পক্ষ থেকে বারবার জানানো হয়েছে, দেশে তেলের কোনো সংকট নেই এবং সরবরাহ স্বাভাবিক রাখা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

