বাংলাদেশ গণতন্ত্রের যে পথে যাত্রা শুরু করেছে, সেই যাত্রা সফলভাবে গন্তব্যে পৌঁছাবে—এমন আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ইস্কাটন গার্ডেন হাইস্কুল কেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সিইসি বলেন, “গতকাল আমি দেশের বিভিন্ন জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে কথা বলেছি। তাদের স্পষ্টভাবে বলেছি—কেউ কোনো পক্ষের হয়ে কাজ করতে পারবেন না। শুধু নিজে নিরপেক্ষ থাকলেই হবে না, আশপাশের সবাইকেও নিরপেক্ষ রাখতে হবে। এখানে বিভাগীয় কমিশনার উপস্থিত আছেন, তিনি এ কথার সাক্ষী।”
তিনি আরও বলেন, “জাতির এই ক্রান্তিলগ্নে আমি চেয়েছিলাম একটি ইতিবাচক অবদান রাখতে। সেই চেষ্টা আমি করছি।”
নির্বাচনকালীন চ্যালেঞ্জ প্রসঙ্গে সিইসি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভিডিও ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর ছবি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। “সবকিছু চাইলেও নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এর অনেক কিছুই সীমান্তের বাইরে থেকে ছড়ানো হয়। সে কারণে আমরা মূলধারার গণমাধ্যমের ওপর ভরসা করছি। আশা করি জনগণও তথ্য যাচাই করে সত্য-মিথ্যা বুঝে শেয়ার করবেন,” বলেন তিনি।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ঢাকা-৮ সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৯৫ জন এবং নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৬৭৫ জন।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া চালুর পর এবারের নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক দল ও প্রতীক নিয়ে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে অংশ নিয়েছেন।
একুশে সংবাদ/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

