আসন্ন গণভোটে সরকারি কর্মকর্তারা কোনোভাবে ‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে প্রচারণা চালাতে পারবেন না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বিষয়টি নিশ্চিত করতে সংস্থাটি ইতিমধ্যেই সব রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশনা পাঠিয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, গণভোট অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ২১ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৮৬ অনুযায়ী, প্রজাতন্ত্রের কোনো সরকারি কর্মকর্তা গণভোট বিষয়ে সাধারণ জনগণকে তথ্য দিয়ে সচেতন করতে পারবেন; তবে ভোট প্রদানের ক্ষেত্রে ‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে জনগণকে আহ্বান জানানো যাবে না।
নির্বাচন কমিশন সতর্ক করেছে, এ ধরনের আচরণ গণভোটের ফলাফলে প্রভাব ফেলতে পারে এবং আইন অনুসারে এটি দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে। নির্দেশনায় রিটার্নিং কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যও বলা হয়েছে।
এর আগে মঙ্গলবার ইসি জানায়, দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা ভোটারদের গণভোটে অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে পারবেন, তবে কোনো ধরনের পক্ষপাতমূলক প্রচারণা করা যাবে না।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

