অমর একুশে বইমেলা ২০২৬ আজ রোববার (১৫ মার্চ) শেষ হচ্ছে। সমাপনী দিনে মেলা শুরু হবে দুপুর ২টা থেকে এবং চলবে রাত ৯টা পর্যন্ত।
সমাপনী উপলক্ষে বিকেল ৩টায় আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠান। এতে স্বাগত বক্তব্য দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। এছাড়া ‘অমর একুশে বইমেলা ২০২৬’-এর সার্বিক কার্যক্রম নিয়ে প্রতিবেদন উপস্থাপন করবেন সদস্যসচিব ড. মো. সেলিম রেজা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। শুভেচ্ছা বক্তব্য দেবেন সংস্কৃতি সচিব মো. মফিদুর রহমান।
প্রতিবারের মতো এবারও মেলার সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার, মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার, রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার, সরদার জয়েন উদ্দীন স্মৃতি পুরস্কার এবং শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার প্রদান করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

