জালিয়াতির মাধ্যমে গ্রামীণ টেলিকম থেকে অর্থ আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
রোববার (১৫ অক্টোবর) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে এদিন মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করেননি। এজন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক আছাদুজ্জামান প্রতিবেদন দাখিলের জন্য নতুন এদিন ধার্য করেন। দুদকের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা আক্কাস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
ড. ইউনূস ছাড়া মামলার বাকি আসামিরা হলেন- গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল ইসলাম, পরিচালক মো. আশরাফুল হাসান, পারভীন মাহমুদ, নাজনীন সুলতানা, মো. শাহজাহান, নূরজাহান বেগম, এস. এম হাজ্জাতুল ইসলাম লতিফী, অ্যাডভোকেট মো. ইউসুফ আলী, অ্যাডভোকেট জাফরুল হাসান শরীফ, গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. কামরুজ্জামান এবং সংগঠনটির সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ হাসান ও প্রতিনিধি মো. মাইনুল ইসলাম।
মামলার এজাহারে বলা হয়, ড. মুহাম্মদ ইউনূস ও মো. নাজমুল ইসলামসহ গ্রামীণ টেলিকমের বোর্ডের সদস্যদের উপস্থিতিতে ২০২২ সালের ৯ মে গ্রামীণ টেলিকমের ১০৮ তম বোর্ডের সভায় ঢাকা ব্যাংক লিমিটেডের গুলশান শাখায় একটা ব্যাংক হিসাব খোলার সিদ্ধান্ত হয়। তবে হিসাব খোলার এই সিদ্ধান্তের একদিন আগেই ব্যাংক হিসাব খোলা হয়। এছাড়া ৮ মে খোলা ব্যাংক হিসাব দেখানো আছে সেটেলমেন্ট এগ্রিমেন্টে, যা বাস্তবে অসম্ভব। এ রকম ভুয়া সেটেলমেন্ট এগ্রিমেন্টের শর্ত অনুযায়ী ও বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক গ্রামীণ টেলিকমের বিভিন্ন সময়ে ব্যাংকটিতে ২৬ কোটি ২২ লাখ ৬ হাজার ৭৮০ টাকা স্থানান্তর করে। কিন্তু কর্মচারীদের লভ্যাংশ বিতরণের আগেই তাদের প্রাপ্য অর্থ তাদের না জানিয়ে আসামিরা আত্মসাৎ করেন।
এজাহারে আরও বলা হয়, অ্যাডভোকেট ফি হিসাবে প্রকৃতপক্ষে হস্তান্তরিত হয়েছে মাত্র এক কোটি টাকা। বাকি ২৫ কোটি ২২ লাখ ছয় হাজার ৭৮০ টাকা গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, বোর্ড সদস্যদের সহায়তায় গ্রামীণ টেলিকমের সিবিএ নেতা এবং অ্যাডভোকেটসহ সংশ্লিষ্টরা জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করেন।
অভিযোগ অনুসন্ধানে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটিতে তদারককারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয় দুদকের তৎকালীন পরিচালক সৈয়দ ইকবাল হোসেনকে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান, সহকারী পরিচালক জেসমিন আক্তার ও নূরে আলম সিদ্দিকী। অভিযোগ অনুসন্ধানে গত বছরের আগস্টের বিভিন্ন সময়ে এমডিসহ ছয়জনকে জিজ্ঞাসাবাদ করে দুদক।
ইউনূসকে গোপনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, অনুসন্ধানকারী কর্মকর্তারা যারা দায়িত্ব প্রাপ্ত, যে কোনো বিষয়ের অনুসন্ধান তাদের যদি প্রয়োজন হয় প্রকাশ্যে করবেন, বা মনে হয় অন্যভাবে করবেন। তাদের সব ধরনের আইনি ক্ষমতা দেওয়া আছে। সেই আইনি ক্ষমতা বলে সবাইকে জিজ্ঞাসাবাদ করেই এই প্রতিবেদন দাখিল করেছেন।
এ ক্ষেত্রে দুদককে কী রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দুদক স্বাধীন প্রতিষ্ঠান। আইন অনুসারে আমরা অনুসন্ধান, তদন্ত করে থাকি, কার্যক্রম পরিচালনা করে থাকি। আপনার প্রসঙ্গটা দুদকের কার্যক্রমের সঙ্গে প্রাসঙ্গিক নয়।
ইউনূসসহ অন্য আসামিদের গ্রেফতার করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, তদন্তকারী কর্মকর্তা পরবর্তী কাজ করবেন। এটা তদন্তকারী কর্মকর্তা নির্ধারণ করবেন উনাকে কী করতে হবে। এটা তার বিষয়, তিনিই নির্ধারণ করবেন।
উল্লখ,২০২২ সালের ২৮ জুলাই কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের চার অভিযোগে গ্রামীণ টেলিকমের পরিচালনা পর্ষদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক
একুশে সংবাদ/আ.জ.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

